ছয় মাসের মধ্যে নির্বাচনী সংস্কার সম্ভব: জামায়াত সেক্রেটারি
ঢাকা প্রেস,নড়াইল প্রতিনিধি:-
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট বিভাগগুলোকে আগামী ছয় মাসের মধ্যে সংস্কার করা সম্ভব। সংস্কারের পর অন্তর্বর্তী সরকারের উচিত একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে নড়াইল জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা নূরুন্নবী জিহাদীর জানাজা শেষে তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সময় বাংলাদেশ জামায়াতে ইসলাম দিতে প্রস্তুত। অনেকে বলছেন, নির্বাচনের প্রস্তুতিতে দীর্ঘ সময় লেগে যাবে। কিন্তু আমরা পনেরো বছর অপেক্ষা করেছি। সুতরাং, যদি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ৩ থেকে ৪ মাস সময় বেশি লাগে, তবে তাতে কোনো সমস্যা নেই।”
নড়াইল সদরের হবখালী স্কুল মাঠে অনুষ্ঠিত জানাজার নামাজে ইমামতি করেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। জানাজায় অংশ নেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জামায়াত নেতা অধ্যাপক মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলনের জেলা আমির মাওলানা খায়রুজ্জামানসহ অসংখ্য মুসল্লি।
বার্ধক্যজনিত কারণে নড়াইল জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা নূরুন্নবী জিহাদী রোববার (২৬ জানুয়ারি) ইন্তেকাল করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬