|
প্রিন্টের সময়কালঃ ২৫ নভেম্বর ২০২৬ ১২:১৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ নভেম্বর ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ণ

বেতন বৃদ্ধির পরও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ


বেতন বৃদ্ধির পরও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ


নতুন বেতন স্কেল ঘোষণার পরও অসন্তোষ কাটেনি গাজীপুরের পোশাকশ্রমিকদের মধ্যে। বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় বিক্ষোভ করেছেন কয়েকটি কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় পোশাকশ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়ক সচল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এগিয়ে গেলে শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে মহাসড়কের পাশের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। প্রায় দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আমজাদ হোসাইন বলেন, “সকাল থেকেই শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে ভোগড়া-নাওজোড় এলাকায় পোশাকশ্রমিকরা কিছুটা সমস্যা সৃষ্টি করেছিলেন। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন”।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬