নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল
ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
নয়াপল্টনে বিএনপির তিন অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত "তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশে" নেতাকর্মীদের ঢল নেমেছে। শনিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড, থানা ছাড়াও সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহসহ নানা এলাকা থেকে দলে দলে নেতাকর্মীরা মিছিলসহকারে সমাবেশস্থলে এসে জড়ো হন।
সকাল ১০টা থেকেই নয়াপল্টন এলাকায় শুরু হয় খণ্ড খণ্ড মিছিল। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে দুপুর ১২টার পর নয়াপল্টন পরিণত হয় এক উচ্ছ্বাসপূর্ণ জনসমুদ্রে। স্লোগান আর পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
সমাবেশের জন্য প্রস্তুত করা হয়েছে একটি বড় মঞ্চ, যা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত পাশের সড়কে স্থাপন করা হয়েছে। সমাবেশস্থলে টানানো হয়েছে মাইক, যেখান থেকে বাজছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে তৈরি গান।
দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা। এতে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখবেন তারেক রহমান। এরই মধ্যে নেতাকর্মীদের অনেকেই ব্যানার, টি-শার্ট, ক্যাপ এবং মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে সমাবেশে অংশ নিয়েছেন। তাদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো প্রাঙ্গণ।
এদিকে, নয়াপল্টন এবং আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। নিরাপত্তার স্বার্থে ফকিরাপুল থেকে কাকরাইল মোড় পর্যন্ত বিস্তৃত এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
তরুণদের আকর্ষণ করতে মে মাসজুড়ে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপির এই তিন সংগঠন। চারটি বিভাগীয় শহরে দুই দিন করে আট দিনের কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এর আগে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬