প্রবাসী বাঙালিদের জন্য যুক্তরাজ্যে সাবিনা ইয়াসমিনের বিশেষ আয়োজন
নিজস্ব প্রতিবেদক
প্রবাসী বাঙালিদের জন্য বিশেষ দুটি আয়োজনে সংগীত পরিবেশন করতে যুক্তরাজ্যে গেছেন দেশের বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। গত ৪ অক্টোবর সকাল ৭টা ৪০ মিনিটের ফ্লাইটে ঢাকা থেকে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হন তিনি। সফরে তাঁর সঙ্গে রয়েছেন তবলাবাদক চন্দন দত্ত, লিড গিটারে মনোয়ার হোসেন টুটুল এবং কি-বোর্ডে পার্থপ্রতিম বাপ্পী।
আগামী ১১ অক্টোবর লন্ডন এবং ১৫ অক্টোবর স্কটল্যান্ডে দুটি আয়োজনে গান পরিবেশন করবেন সাবিনা ইয়াসমিন। এর মধ্যে লন্ডনের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ১৭তম লন্ডন বাংলা বইমেলা ও সাহিত্য-সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে। ১০ অক্টোবর থেকে হ্যানবুরি স্ট্রিটের দ্য ব্রাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে শুরু হবে এ উৎসব। দ্বিতীয় দিন ১১ অক্টোবর মঞ্চে উঠবেন দেশের এই কিংবদন্তি শিল্পী।
যুক্তরাজ্য সফর প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, বাংলা ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রবাসী প্রজন্মের কাছে তুলে ধরা এবং তাদের শেকড়ের সঙ্গে সংযুক্ত রাখার ক্ষেত্রে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছর প্রথমবারের মতো এই উৎসবে গান পরিবেশন করেছিলেন তিনি। এবারও আয়োজক ও শ্রোতাদের আগ্রহে একই উৎসবে অংশ নিচ্ছেন।
তিনি বলেন, “আয়োজনটি নিয়ে শ্রোতাদের মধ্যে বেশ আগ্রহ দেখছি। আশা করছি, এবারের আয়োজনও সবদিক থেকে সুন্দর ও সফল হবে, ইনশাআল্লাহ।”
তবলাবাদক চন্দন দত্ত জানান, ১১ অক্টোবর পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুতেও টিকিটের বিনিময়ে আগত দর্শকদের জন্য গান পরিবেশন করবেন সাবিনা ইয়াসমিন। সেখানে তাঁর সঙ্গে থাকবেন সফরসঙ্গী যন্ত্রশিল্পীরাও।
এদিকে সাবিনা ইয়াসমিনের এই বিশেষ আয়োজনে অংশ নিতে আগামী ৭ অক্টোবর লন্ডনের উদ্দেশে রওনা হচ্ছেন পপতারকা ফেরদৌস ওয়াহিদ। বর্তমানে তিনি আরটিভির ‘লিটল স্টার’ রিয়েলিটি শোর সঙ্গে যুক্ত থাকলেও বিশেষ এই আয়োজনের জন্য কর্তৃপক্ষকে অবহিত করে যুক্তরাজ্যে যাচ্ছেন। আগামী ১৪ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
ফেরদৌস ওয়াহিদ বলেন, “সাবিনা ইয়াসমিন আমাদের সংগীতাঙ্গনের একজন অনন্য শিল্পী। তাঁর সঙ্গে একই আয়োজনে থাকতে পারা এবং তাঁর গান কাছ থেকে উপভোগ করা সবসময়ই আনন্দের। যুক্তরাজ্যে তাঁর এবারের পরিবেশনা নিঃসন্দেহে প্রবাসী বাঙালি শ্রোতাদের জন্য বিশেষ আকর্ষণের হবে। তাঁর কণ্ঠে বাংলা গানের ঐতিহ্য ও আবেগ নতুন করে প্রাণ পাবে—এটাই প্রত্যাশা করছি।”
১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর জন্ম নেওয়া সাবিনা ইয়াসমিন শৈশব থেকেই সংগীতের আবহে বেড়ে ওঠেন। দীর্ঘ সংগীতজীবনে আধুনিক গান, চলচ্চিত্রের গান, লোকগান ও দেশাত্মবোধক গানে অসামান্য জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। বিশেষ করে বাংলাদেশের চলচ্চিত্রের গানে তাঁর অবদান অনন্য।
প্রেম-বিরহ, আনন্দ-বেদনা কিংবা দেশপ্রেম—বিভিন্ন অনুভূতির গান তাঁর কণ্ঠে পেয়েছে স্বতন্ত্র মাত্রা। স্বচ্ছ কণ্ঠ, শব্দের নিখুঁত উচ্চারণ, সুরের ওপর নিয়ন্ত্রণ এবং সংযত আবেগ তাঁর গায়কির অন্যতম বৈশিষ্ট্য। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়ে বাংলাদেশের সংগীতের ইতিহাসে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন এই গুণী শিল্পী।
যুক্তরাজ্যের বিভিন্ন আয়োজনে সংগীত পরিবেশন শেষে আগামী ১৮ অক্টোবর দেশে ফেরার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে সাবিনা ইয়াসমিনের।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬