|
প্রিন্টের সময়কালঃ ২৫ এপ্রিল ২০২৬ ০৪:৫৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ এপ্রিল ২০২৬ ০২:২০ অপরাহ্ণ

পটিয়ায় আউশ মৌসুমে কৃষি প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন, ১১০০ কৃষক পেলেন সার-বীজ


পটিয়ায় আউশ মৌসুমে কৃষি প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন, ১১০০ কৃষক পেলেন সার-বীজ


দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:


চট্টগ্রামের পটিয়ায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান। উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা, পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক, সাবেক মেয়র নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, আবুল ফয়েজ, কৃষক দলের দক্ষিণ জেলা সদস্য সচিব মীর জাকের, নাছির উদ্দিন, আলমগীর আলম ও কৃষক জালাল উদ্দীনসহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইয়াছিন আলী।

প্রধান অতিথির বক্তব্যে এমপি এনামুল হক এনাম বলেন, কৃষি খাত দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তিনি বলেন, অতীত নয়—বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনার দিকেই গুরুত্ব দিতে হবে। কৃষকদের পাশে দাঁড়িয়ে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নই সরকারের লক্ষ্য।

তিনি আরও বলেন, উৎপাদন ব্যয় কমাতে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় এ ধরনের উদ্যোগ আরও জোরদার করা হবে। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে টেকসই ও স্বয়ংসম্পূর্ণ কৃষি ব্যবস্থা গড়ে তোলার দিকেও সরকার কাজ করছে।

অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন। এ কর্মসূচির আওতায় ১১০০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬