পটিয়ায় শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত জিমনেসিয়ামকে ক্রীড়া কমপ্লেক্সে রূপান্তরের উদ্যোগ: এমপি এনামুল হক
আবদুল হাকিম রানা, বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চট্টগ্রাম:
চট্টগ্রামের পটিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত যুবগোষ্ঠী ব্যায়ামাগারকে আধুনিক ইনডোর ক্রীড়া কমপ্লেক্সে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কমপ্লেক্স নির্মিত হলে পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামে ক্রীড়াচর্চার নতুন সুযোগ সৃষ্টি হবে এবং প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম।
তিনি বলেন, ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পটিয়ায় যুবগোষ্ঠী ব্যায়ামাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ফলে প্রতিষ্ঠানটির সঙ্গে তাঁর স্মৃতি জড়িয়ে রয়েছে। সম্প্রতি যুবগোষ্ঠী ব্যায়ামাগার পরিদর্শনকালে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম এটিকে আধুনিক ইনডোর ক্রীড়া কমপ্লেক্সে রূপান্তরের বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এমপি এনামুল হক বলেন, ব্যায়ামাগারের বেহাত হওয়া জায়গা ইতোমধ্যে পুনরুদ্ধার করা হয়েছে। এখন দ্রুত প্রকল্প প্রণয়ন, ডিও লেটার প্রদানসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়িত হলে পটিয়া ক্রীড়াক্ষেত্রে তার হারানো ঐতিহ্য ফিরে পাবে।
মঙ্গলবার দুপুরে পটিয়া পৌরসভার অর্থায়নে পটিয়া ক্লাব রোডসংলগ্ন যুবগোষ্ঠী ব্যায়ামাগারের সীমানাপ্রাচীর নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন পটিয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী।
এতে উপস্থিত ছিলেন পটিয়ার সাবেক মেয়র নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আবুল কাসেম, পৌর বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম ও আবদুল মাবুদ, সিডিএ বোর্ড সদস্য হাজী নজরুল ইসলাম, ক্রীড়াবিদ আবুল কালাম বাবুল।
এ ছাড়া ক্রীড়া সংস্থার সদস্য বোরহান উদ্দিন, নাসির উদ্দিন, মফিজুর রহমান, আল রায়হান সোহেল, এস এম নয়ন, জাহাঙ্গীর আলম, আবদুস ছালাম, আজিজ, হাবিবুর রহমান (রিপন), জসিম মল্ল, ইলিয়াস চৌধুরী ভূট্টো, নাজিম, আলমগীর ও জুয়েলসহ স্থানীয় ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এমপি এনামুল হক ব্যায়ামাগারের বেহাত হওয়া জায়গা পুনরুদ্ধার করায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানটির জায়গা ও অবকাঠামোর দৃশ্যমান উন্নয়ন হয়নি। বর্তমান উদ্যোগের মাধ্যমে এটিকে এ অঞ্চলের মানুষের জন্য একটি পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাস্তবায়িত হলে এটি ভবিষ্যতে দক্ষ ও প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরির অন্যতম কেন্দ্রে পরিণত হবে।
অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সীমানাপ্রাচীর নির্মাণকাজের সফলতা কামনা করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬