আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
বোমাবাজি, সন্ত্রাস ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টি এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের নির্দেশনায় বুধবার (২৫ নভেম্বর) এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বর থেকে শুরু হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সড়কবাজারে যায়। পরে আদর আলী কমপ্লেক্স মার্কেটের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের রাজনীতি করার বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। তবে দলটির কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড, বোমাবাজি ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। একই সঙ্গে নেতাকর্মীদের সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে থেকে পাহারা দেওয়ার নির্দেশনা দেন বক্তারা।
আখাউড়া উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও জেলা বিএনপির সদস্য আলহাজ খন্দকার মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও কেন্দ্রীয় কৃষকদলের সদস্য নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, আখাউড়া উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সভাপতি বাহার মিয়া, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শওকত হোসেন সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন লিটন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ফয়েজ আহমেদ, যুবদল নেতা মামুন আহমেদ এবং পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আসসাদিক ভূঁইয়া গালিব।
এ সময় আখাউড়া উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬