|
প্রিন্টের সময়কালঃ ১৪ জুন ২০২৬ ০৩:৫০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ জুলাই ২০২৩ ০২:৩৬ অপরাহ্ণ

বিলবোর্ডের হট ১০০ তালিকার শীর্ষে জাংকুক


বিলবোর্ডের হট ১০০ তালিকার শীর্ষে জাংকুক


প্রথম একক গান ‘সেভেন’ নিয়ে বিলবোর্ডের হট ১০০ তালিকার শীর্ষে উঠলেন বিটিএস তারকা জাংকুক। খবর দ্য কোরিয়া হেরাল্ডের। প্রতি সপ্তাহে কোনো গান ডিজিটাল প্ল্যাটফর্ম, রেডিও, ডাউনলোড ও গানের কপি বিক্রির হিসাবে এই তালিকা করে বিলবোর্ড। 

গত সোমবার প্রকাশিত তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে গানটি। বিলবোর্ড জানিয়েছে, ১৪ জুলাই প্রকাশিত গানটি প্রথম সপ্তাহেই ডিজিটাল প্ল্যাটফর্মে ২১ মিলিয়নের বেশি বার শোনা হয়েছে। দেড় লাখের বেশি কপি বিক্রি হয়েছে, রেডিওতে ৬ মিলিয়ন বার প্রচারিত হয়েছে।

কোরীয় শিল্পীদের মধ্যে দ্বিতীয় কোনো শিল্পী হিসেবে তালিকার শীর্ষ স্থানে এসেছেন জাংকুক। এর আগে এপ্রিলে আরেক বিটিএস তারকা জিমিন একক গান ‘লাইক ক্রেজি’ দিয়ে শীর্ষ উঠেছিলেন।


গত বছরের জুনে বিটিএস থেকে বিরতি নেন জাংকুক, জিমিনরা। বিরতির মাঝখানে গত বছর কাতারে আয়োজিত ফিফা বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছেন জাংকুক। 

গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের গায়ক চার্লি পুথের সঙ্গে ‘লেফট অ্যান্ড রাইট’ শিরোনামে একটি গান প্রকাশ করেছেন জাংকুক। সেটিই ছিল বিটিএসের বাইরে তাঁর প্রথম কোনো গান। গানটি বিলবোর্ডের হট ১০০ তালিকায় ছিল।

১২ বছর বয়সে বিটিএসে যোগ দেন জাংকুক। ২৫ পেরোনোর আগেই নিজেকে খ্যাতির চূড়ায় নিয়ে যান এই বিটিএস তারকা। ‘বিগিন’, ‘ইউফোরিয়া’ থেকে ‘ড্রিমারস’—এক দশকের ক্যারিয়ারে একের পর এক হিট গানে নিজেকে ছাড়িয়ে গেছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬