পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ১০
বেড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার বেড়া পৌরসভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে টানা তিন দিন ধরে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলার ঘটনা ঘটছে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের জেরে কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এ পরিস্থিতিতে জেলার অন্যতম বৃহৎ বাণিজ্যকেন্দ্র বেড়া বাজারে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। শনিবার সাপ্তাহিক হাটের দিন হলেও আতঙ্কে অধিকাংশ দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।
শনিবার সকাল থেকেই পৌর এলাকার বৃশালিখা মহল্লায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আওয়ামী লীগের নেতা-কর্মীরা গ্রামের প্রবেশমুখে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেন। অন্যদিকে বিএনপির নেতা-কর্মীরা নৌকা চত্বর এলাকায় ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হন। দুপুর ১টা ৪০ মিনিটের দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিকেল ৩টা পর্যন্ত সংঘর্ষ চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও র্যাব সদস্যরা অবস্থান নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে সাঁথিয়া ও পায়না মহল্লাসহ আশপাশের বিভিন্ন এলাকার আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে বেড়া থানার সামনে অবস্থান নেন। পরে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
একই দিন বৃশালিখা মহল্লায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে বিএনপির নেতা-কর্মীরা বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতেও আগুন দেওয়া হয়। রাতভর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে শুক্রবার বৃশালিখা মহল্লায় বড় ধরনের সংঘর্ষ না হলেও সাঁথিয়া ও পায়না মহল্লার আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে পাশের হাতিগাড়া মহল্লার বিএনপির নেতা-কর্মীদের দিনভর উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়া চলে। এ সময় কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া যায়। রাতেও এলাকায় উত্তেজনা অব্যাহত ছিল।
স্থানীয়ভাবে সাঁথিয়া ও পায়না মহল্লা আওয়ামী লীগ-অধ্যুষিত এবং হাতিগাড়া বিএনপি-অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। অন্যদিকে বৃশালিখা মহল্লায়ও আওয়ামী লীগের সমর্থকদের বসবাস বেশি।
বেড়া পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাজেদুল ইসলাম দীপু অভিযোগ করে বলেন, ‘বিনা উসকানিতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এলাকায় অশান্তি সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে এলাকায় শান্তি ফিরিয়ে আনতে হবে।’
সংঘর্ষের প্রভাব পড়েছে বেড়া বাজারের ব্যবসা-বাণিজ্যেও। হামলা ও লুটপাটের আশঙ্কায় অধিকাংশ ব্যবসায়ী দোকানপাট বন্ধ রেখেছেন। অনেক ব্যবসায়ী রাত জেগে নিজেদের দোকান পাহারা দিচ্ছেন।
বেড়া বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, সংঘর্ষের কারণে গত তিন দিন ধরে বাজারে বেচাকেনা প্রায় বন্ধ রয়েছে। এতে ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
এদিকে টানা তিন দিনের সংঘর্ষের ঘটনায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিএনপির নেতা-কর্মী ও স্থানীয় ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, উত্তেজনাকর পরিস্থিতিতে প্রয়োজনীয় পুলিশি টহল ও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তবে শনিবারের সংঘর্ষের সময় বৃশালিখা মহল্লায় পুলিশ ও র্যাব সদস্যদের উপস্থিতি দেখা গেছে।
এর আগে শনিবার দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে বেড়া উপজেলা পরিষদে বৈঠকে বসেন পাবনার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিলাম। হঠাৎ করে আজ শনিবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আবার পরিস্থিতি খারাপ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এলাকায় অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। আশা করছি, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে।’
তিনি আরও জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা কাজ করছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬