ঈদকে ঘিরে ঢাকা-মুরাদনগর রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
এইচ এম মাহফুজুর রহমান,স্টাফ রিপোর্টার:
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা-মুরাদনগর মহাসড়কে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বিশেষ করে “ইলিয়টগঞ্জ এক্সপ্রেস” পরিবহনের বিরুদ্ধে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
যাত্রীদের অভিযোগ, সাধারণ সময়ে ঢাকা থেকে মুরাদনগর রুটে জনপ্রতি ভাড়া ২০০ টাকা হলেও ঈদ উপলক্ষে তা বাড়িয়ে ৩০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। কোনো ধরনের সরকারি ঘোষণা বা অনুমোদন ছাড়াই অতিরিক্ত ভাড়া নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।
ভুক্তভোগীদের দাবি, ঈদে ঘরমুখো মানুষের চাপকে পুঁজি করে পরিবহন কর্তৃপক্ষ বাড়তি ভাড়া আদায় করছে। অনেকে বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে বাড়ি ফিরলেও প্রতিবাদ করলে অসৌজন্যমূলক আচরণের শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ ওঠে।
মুরাদনগরগামী এক যাত্রী বলেন, “প্রতিবছর ঈদের সময় ভাড়া বাড়ানো হয়। তবে এবার ২০০ টাকার ভাড়া ৩০০ টাকা নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের দুর্ভোগের কথা কেউ ভাবছে না।”
আরেক যাত্রী জানান, “ঈদে পরিবারের কাছে যেতে হবে বলেই বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে টিকিট কাটতে হচ্ছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।”
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, ঈদকে সামনে রেখে অতিরিক্ত ভাড়া আদায় সম্পূর্ণ অনৈতিক এবং এটি ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসন ও বিআরটিএর হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে অভিযোগের বিষয়ে “ইলিয়টগঞ্জ এক্সপ্রেস” কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সাধারণ যাত্রীরা ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে প্রশাসনের কঠোর নজরদারি এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬