|
প্রিন্টের সময়কালঃ ০৭ জুন ২০২৬ ১২:৪০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ জুন ২০২৬ ০৬:১২ অপরাহ্ণ

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু রোববার


জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু রোববার


আগামীকাল রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বা বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে।

 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন বলে শনিবার এক বিবৃতিতে জানায় জাতীয় সংসদ সচিবালয়।

 

এটি বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন। এর আগেই গত ৭ মে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে অধিবেশন আহ্বানের বিষয়টি জানানো হয়।

 

সংসদ সচিবালয় জানায়, বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। মূলত এই অধিবেশনেই ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন ও পাসের কার্যক্রম সম্পন্ন হবে।

 

এদিকে বাজেট অধিবেশনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার থেকে রাজধানীর কিছু এলাকায় আগ্নেয়াস্ত্র বহনসহ সব ধরনের মিছিল, সমাবেশ ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬