বাঁশখালীর কাহারঘোনায় মাদকবিরোধী সমাবেশ ও সংবাদ সম্মেলন
মুহাম্মদ আলী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাহারঘোনায় মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ইয়াবা, মদ ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মাদকবিরোধী সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার সরল ইউনিয়নের পূর্ব কাহারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পূর্ব কাহারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মুহাম্মদ সেলিম উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কাহারঘোনা সংস্কার পরিষদের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও আফ্রিকা প্রবাসী সমাজকর্মী মুহাম্মদ ওমর কাজী।
সাংবাদিক মুহাম্মদ আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কাহারঘোনা সংস্কার পরিষদের সভাপতি মুহাম্মদ হারুনুর রশিদ, সমাজসেবক ও রাজনীতিবিদ সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, এনামুল হক, মাওলানা সেলিম উদ্দিনসহ অন্যান্যরা।
সমাবেশে লিখিত বক্তব্য পাঠ করেন কাহারঘোনা সংস্কার পরিষদের সেক্রেটারি ও সাংবাদিক মোহাম্মদ আলী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে কাহারঘোনা এলাকার বলিপাড়া, আনন্দপাড়া ও সাতঘর পাড়ায় একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট সক্রিয় রয়েছে। তাদের অবাধ কার্যক্রমে এলাকার তরুণ সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে এবং সামাজিক অবক্ষয় বাড়ছে।
তিনি আরও বলেন, মাদক কারবারিদের বিলাসী জীবনযাপন দেখে অনেক তরুণ বিপথগামী হচ্ছে, যা পরিবার ও সমাজকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। অতীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে একাধিক ব্যক্তিকে সতর্ক করা হলেও তারা পুনরায় একই কার্যক্রমে জড়িয়ে পড়েছে। জামিনে মুক্ত কিছু আসামিও আবার মাদক ব্যবসায় সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ করা হয়।
এলাকাবাসীর দাবি, বর্তমানে প্রকাশ্যেই ইয়াবা বেচাকেনা চলছে। প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত দূর-দূরান্ত থেকে মাদকসেবীরা মোটরসাইকেল ও অটোরিকশায় করে এলাকায় আসছে। এতে নারী ও শিশুদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
লিখিত বক্তব্যে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। অভিযোগ করা হয়, বিষয়টি একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, ফলে এলাকাবাসীর মধ্যে হতাশা বিরাজ করছে।
সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের কাছে কয়েকটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—চিহ্নিত মাদক কারবারিদের দ্রুত গ্রেফতার, এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত পুলিশ টহল জোরদার বা স্থায়ী পুলিশ চৌকি স্থাপন, মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা এবং সার্বিক সামাজিক অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
বক্তারা দ্রুত এসব দাবি বাস্তবায়নের মাধ্যমে এলাকাকে মাদকমুক্ত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর আহ্বান জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬