নান্দাইলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৬৭০ জন
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ওষুধ ও চশমা বিতরণ এবং ছানি অপারেশনের জন্য রোগী বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ কার্যক্রমে ৬৭০ জন রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন।
শনিবার উপজেলার কপালহর এলাকার বীর প্রতীক আব্দুল জব্বার ক্লিনিকে এ চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়। প্রফেলার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এবং বীর প্রতীক আব্দুল জব্বার ক্লিনিকের তত্ত্বাবধানে দিনব্যাপী এ সেবা কার্যক্রম পরিচালিত হয়।
চিকিৎসাসেবা পাওয়া রোগীদের মধ্যে ৫১২ জনকে বিনামূল্যে ওষুধ ও চশমা দেওয়া হয়েছে। পাশাপাশি ছানি অপারেশনের জন্য ৮১ জন রোগীকে নির্বাচিত করা হয়। তাঁদের মধ্যে ৭৫ জন ইতোমধ্যে অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া অন্যান্য অস্ত্রোপচারের জন্য আরও ১৫ জনকে বাছাই করা হয়েছে, যাঁদের মধ্যে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের জামালপুর শাখার ১২ সদস্যের চিকিৎসক দল এ কার্যক্রমে চিকিৎসাসেবা প্রদান করে। চিকিৎসা ব্যবস্থাপনায় ছিলেন চিকিৎসক রিশাদ রেজা, চিকিৎসক হাসিবুর রহমান, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. লুৎফর রহমান ও অ্যাসিস্ট্যান্ট ক্যাম্প অর্গানাইজার মোতাছিম বিল্লাহসহ সংশ্লিষ্টরা।
সকালে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন আব্দুল আউয়াল আকন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি রেজাউল করিম কাসেমী।
আয়োজকেরা জানান, চিকিৎসা কার্যক্রম বাস্তবায়নে প্রফেলার ফাউন্ডেশন ও স্থানীয় স্বাস্থ্য বিভাগের মাঠপর্যায়ের কর্মীরা সহযোগিতা করেন। এ ছাড়া ৭১ জন স্বেচ্ছাসেবক রোগীদের সেবা দিতে কাজ করেন। তাঁদের মধ্যে স্থানীয় ২০ জন, উলামা ফাউন্ডেশন নান্দাইলের ৩০ জন, বিভিন্ন মাদ্রাসার ১৫ জন শিক্ষার্থী এবং নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ছয়জন গার্লস গাইড সদস্য ছিলেন।
চিকিৎসা কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং খুররম খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
দিনব্যাপী চিকিৎসাসেবা শেষে চিকিৎসক দল, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সহযোগীদের ধন্যবাদ জানিয়ে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬