সরকারি নিবন্ধন পেল কক্সবাজার ফিল্ম সোসাইটি: সভাপতি সাহেদ, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান
নিজস্ব প্রতিবেদক:
পর্যটন নগরী কক্সবাজারে চলচ্চিত্রচর্চা ও সুস্থ সাংস্কৃতিক আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে কক্সবাজার ফিল্ম সোসাইটি। সংগঠনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধন লাভ করেছে।
সোমবার (৩১ আগস্ট) মন্ত্রণালয়ের সেন্সর সার্টিফিকেশন বোর্ডের পক্ষ থেকে কক্সবাজার ফিল্ম সোসাইটির সভাপতি মোহাম্মদ সাহেদের কাছে নিবন্ধন সনদ হস্তান্তর করা হয়। সংগঠনটির নিবন্ধন নম্বর এফসি-০৯।
সরকারি নিবন্ধনকে সংগঠনটির জন্য গুরুত্বপূর্ণ অর্জন ও স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এর মাধ্যমে কক্সবাজারে সুস্থধারার চলচ্চিত্রচর্চা, মানসম্মত চলচ্চিত্র প্রদর্শন, চলচ্চিত্র উৎসব আয়োজন এবং নতুন প্রজন্মের চলচ্চিত্রকর্মীদের দক্ষতা উন্নয়নে আরও পরিকল্পিতভাবে কাজ করার সুযোগ তৈরি হয়েছে।
কক্সবাজার ফিল্ম সোসাইটির সভাপতি মোহাম্মদ সাহেদ বলেন, দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের মূল চেতনা ধারণ করে কক্সবাজারে চলচ্চিত্র সংস্কৃতির বিকাশ ঘটানোই সংগঠনটির অন্যতম লক্ষ্য। স্থানীয় তরুণদের চলচ্চিত্র নির্মাণ, অভিনয়, চিত্রনাট্য, নির্দেশনাসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে নানা উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধন কক্সবাজার ফিল্ম সোসাইটির জন্য আনন্দ ও গৌরবের বিষয়। এই স্বীকৃতি সংগঠনের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। কক্সবাজারের তরুণ প্রজন্মকে সুস্থ ও সৃজনশীল চলচ্চিত্রচর্চায় যুক্ত করার পাশাপাশি চলচ্চিত্র সংস্কৃতির বিকাশে তারা আন্তরিকভাবে কাজ করবেন।
সংগঠনের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বলেন, কক্সবাজার শুধু বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের জন্য নয়, শিল্প-সংস্কৃতি ও সৃজনশীল মানুষের জন্যও সম্ভাবনাময় একটি জনপদ। চলচ্চিত্রের মাধ্যমে কক্সবাজারের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনসংগ্রাম দেশ-বিদেশের দর্শকদের সামনে তুলে ধরতে কাজ করবে ফিল্ম সোসাইটি।
নেতৃবৃন্দ জানান, সরকারি নিবন্ধন পাওয়ার পর সংগঠনটির পরিকল্পনার মধ্যে রয়েছে দেশি-বিদেশি মানসম্মত চলচ্চিত্র প্রদর্শন, চলচ্চিত্র উৎসব আয়োজন, সেমিনার ও কর্মশালা, চলচ্চিত্রবিষয়ক আলোচনা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ এবং নতুন চলচ্চিত্রকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা।
সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি নিবন্ধনের ফলে কক্সবাজারে চলচ্চিত্রচর্চার পরিধি আরও বিস্তৃত হবে। পাশাপাশি নতুন প্রজন্মের সৃজনশীল প্রতিভা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সংগঠনটি।
নিবন্ধন লাভ করায় কক্সবাজার ফিল্ম সোসাইটির সদস্য, চলচ্চিত্রপ্রেমী ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা সংগঠনটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন এবং এর সফল পথচলা কামনা করেছেন।
উল্লেখ্য, কক্সবাজারে সরকারের নিবন্ধিত বৈধ চলচ্চিত্রভিত্তিক সংগঠন হিসেবে বর্তমানে কক্সবাজার ফিল্ম ক্লাব ও কক্সবাজার ফিল্ম সোসাইটি—এই দুটি সংগঠনের নাম উল্লেখ করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬