|
প্রিন্টের সময়কালঃ ০৫ জুলাই ২০২৬ ১০:২০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ জুলাই ২০২৬ ০১:১৯ অপরাহ্ণ

রৌমারীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক বলে অভিযোগ


রৌমারীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক বলে অভিযোগ


মোঃ ওসমান গনি, কুড়িগ্রাম:




কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে স্বামীর বসতঘর থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত গৃহবধূর নাম মিম আক্তার। তিনি স্থানীয় বাসিন্দা হাসান মিয়ার স্ত্রী।
 

নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, বিয়ের সময় যৌতুক হিসেবে দুটি গরু দেওয়ার কথা থাকলেও আর্থিক সংকটের কারণে তা দেওয়া সম্ভব হয়নি। এ বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল।
 

পরিবারের দাবি, ঘটনার দিন দুপুর ১টার কিছু সময় পর মিম আক্তার মোবাইল ফোনে তার মায়ের সঙ্গে কথা বলেন। সে সময় তিনি জানান, তার স্বামী একটি গাড়ি কেনার জন্য শ্বশুরবাড়ি থেকে টাকা দাবি করছেন। তিনি মাকে বলেন, বর্তমানে টাকা জোগাড় করা সম্ভব নয় এবং পরে ব্যবস্থা করা হবে। একই সঙ্গে তিনি তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। তবে তার অভিযোগ ছিল, শাশুড়ি তাকে বাড়ি থেকে বের হতে দিচ্ছিলেন না।
 

স্বজনদের ভাষ্য, ওই ঘটনার কিছুক্ষণ পরই ঘরের ভেতর গলায় ওড়না পেঁচানো অবস্থায় মিম আক্তারের মরদেহ পাওয়া যায়। ঘটনার পর থেকে তার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
 

নিহতের স্বজনরা ঘটনাটির সুষ্ঠু তদন্ত, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
 

এদিকে, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা—এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত বক্তব্য দেওয়া হয়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬