শাহজালালে মালয়েশিয়ান এয়ারলাইন্সের যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা। এ ঘটনায় ইয়াং ডন সিউ (৪৩) নামে মালয়েশিয়ার এক নাগরিককে আটক করা হয়েছে।
কাস্টমস সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুয়ালালামপুর থেকে আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-০১৯৬ ফ্লাইটের ওই যাত্রীর ওপর নজরদারি করা হচ্ছিল। বিমানবন্দরে পৌঁছে লাগেজ সংগ্রহের পর তিনি গ্রিন চ্যানেল-১ দিয়ে বের হওয়ার সময় কাস্টমস কর্মকর্তারা তাকে থামান।
পরে গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার শার্টের নিচে লুকানো কালো কাপড়ের একটি বেল্টের ভেতর থেকে ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর মধ্যে ১ কেজি ওজনের চারটি এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটি বার রয়েছে। উদ্ধার করা সব স্বর্ণই ২৪ ক্যারেটের।
কাস্টমস হাউসের কর্মকর্তারা জানান, ওই যাত্রী কাস্টমস ব্যাগেজ বিধি অনুযায়ী স্বর্ণ বহনের বিষয়ে কোনো ঘোষণা দেননি। পাশাপাশি স্বর্ণ বহনের বৈধ কোনো নথিও তিনি দেখাতে পারেননি। রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে তার কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
কাস্টমস আইন, ২০২৩-এর ১৯১ ধারায় আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য উদ্ধার করা স্বর্ণ সাময়িকভাবে আটক করা হয়েছে। এ ঘটনায় আটক মালয়েশীয় নাগরিকের বিরুদ্ধে বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট আইনে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬