|
প্রিন্টের সময়কালঃ ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৩০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০৩:১১ অপরাহ্ণ

বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া


বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া


নিজস্ব প্রতিবেদক

 

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার নৌপথের যাত্রী পরিবহনের ভাড়াও বাড়ানো হয়েছে। প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে লঞ্চের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।
 

বুধবার লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক শেষে নৌপথের ভাড়া বাড়ানোর বিষয়টি জানান নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত যাত্রীদের প্রতি কিলোমিটারে আগের চেয়ে ২৩ পয়সা বেশি ভাড়া দিতে হবে। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ২০ পয়সা।
 

এর আগে মঙ্গলবার জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর সড়কপথের বাস ভাড়াও বাড়ানো হয়। দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে। অর্থাৎ কিলোমিটারে ভাড়া বেড়েছে ১৭ পয়সা।
 

এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
 

তবে বাস মালিকদের সংগঠনগুলোর পক্ষ থেকে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত সরকার দূরপাল্লা ও মহানগর—দুই ক্ষেত্রেই প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
 

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে বাসের পর এবার লঞ্চের ভাড়া বাড়ায় নৌপথের যাত্রীদের পরিবহন ব্যয়ও বাড়ল।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬