|
প্রিন্টের সময়কালঃ ০৯ নভেম্বর ২০২৬ ০৯:৫৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ নভেম্বর ২০২৬ ০১:৪৫ অপরাহ্ণ

রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ


রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ


ঢাকার বিভিন্ন এলাকায় সকাল থেকে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন রিকশানির্ভর যাত্রীরা। কোথাও কোথাও প্যাডেলচালিত রিকশা চলতে দেখা গেলেও ব্যাটারিচালিত রিকশার সংকটে বিপাকে পড়েছেন অনেকে।

 

সোমবার সকাল থেকে রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর ও শ্যামলীসহ বিভিন্ন এলাকায় খুব কম ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। কোথাও কোথাও অটোরিকশাচালকদের জড়ো হয়ে অন্য রিকশার চলাচলে বাধা দিতেও দেখা গেছে। 

 

এদিকে বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা না চলায় বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও চাকরিজীবীরা। অনেককে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

 

রিকশাচালকদের সঙ্গে কথা বলে জানা যায়, বিআরটিএর মাধ্যমে লাইসেন্স প্রদানসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা সমাবেশ করবে। তাদের দাবির মধ্যে রয়েছে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স প্রদান এবং সড়কে নির্বিঘ্নে চলাচলের সুযোগ নিশ্চিত করা।

 

সম্প্রতি ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি করেছে সরকার। গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ প্রকাশিত ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল বিধিমালা, ২০২৬’ অনুযায়ী, এসব রিকশা চালাতে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি রিকশার চলাচল জোনভিত্তিক করা, নির্দিষ্ট রুট নির্ধারণ, গতি নিয়ন্ত্রণ এবং জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে ও প্রধান সড়কে চলাচলে নিষেধাজ্ঞার বিধান রাখা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬