কুড়িগ্রাম সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার সময় এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি।
শুক্রবার (২৫ এপ্রিল) আটক যুবকের বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার তাকে আটক করে বিজিবি।
আটক বাংলাদেশি যুবকের নাম শফিয়ার রহমান (৩৪)। তিনি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নামড়িরহাট ইউনিয়নের মদনপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
ফুলবাড়ী থানা পুলিশ সুত্রে জানা গেছে, লালমনিরহাট ১৫ বিজিবির অধীন অনন্তপুর ক্যাম্পের টহলরত সদস্যরা আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৪৩ এর সাব পিলার ৪ এর পাশ থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের ভেতরে কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্ত এলাকা থেকে শফিয়ারকে আটক করে। পরে তাকে অনন্তপুর বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বৃহস্পতিবার রাতে বিজিবি তাকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম জানান, আটক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করেছে। শুক্রবার দুপুরে আটক বাংলাদেশি যুবককে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬