|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৬:৪৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৪:৫৬ অপরাহ্ণ

রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরানোর সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ


রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরানোর সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ


নিজস্ব প্রতিবেদক:

 

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
 

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 

জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১) উপলক্ষে ‘ন্যাশনাল পজিশন পেপার আনভেইলিং অ্যান্ড ডায়লগ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে অ্যাকশনএইড।
 

রাষ্ট্রদূতকে ঢাকায় ফিরিয়ে আনার বিষয়ে শামা ওবায়েদ বলেন, “এটা কোনো জাতীয় বা আন্তর্জাতিক বিষয় নয়। এটি একটি স্ট্যান্ডার্ড প্রসিডিউর। কখন কোন রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে পাঠাবে, সেটি মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব সিদ্ধান্ত।”
 

বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই দুই দেশের মধ্যে সুসম্পর্ক রয়েছে। সময়ের সঙ্গে এ সম্পর্ক আরও গভীর হয়েছে। বিএনপি সরকারের আমলে দুই দেশের সম্পর্ক আরও উন্নত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, এ সফরে বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, তৈরি পোশাক, শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ বিভিন্ন বিষয়ে সমঝোতা চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
 

তিনি বলেন, জাপানের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়বে। প্রধানমন্ত্রীর এ সফর বাংলাদেশে নতুন জাপানি বিনিয়োগ আকৃষ্ট করার সুযোগ তৈরি করবে বলে সরকার আশা করছে।
 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে ‘বাংলাদেশ ইনভেস্ট’ নামে একটি নতুন সংস্থা গঠন করা হয়েছে। এ সংস্থার মাধ্যমে বাংলাদেশে আরও বেশি জাপানি বিনিয়োগ আনার প্রচেষ্টা চালানো হবে।
 

এদিকে, প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে টোকিওর বাইরে রাখার সিদ্ধান্তের মধ্যেই সফরের কূটনৈতিক কার্যক্রম তদারকি ও সার্বিক আয়োজন সমন্বয়ের দায়িত্ব দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়ক সচিব এম নজরুল ইসলামকে টোকিও পাঠানো হয়েছে।
 

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর সরকারি সফরে জাপান যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরের মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হওয়ার পাশাপাশি বাংলাদেশে নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে বলে প্রত্যাশা করছে সরকার।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬