|
প্রিন্টের সময়কালঃ ১৯ মে ২০২৬ ০৯:৪৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ মে ২০২৬ ০৭:০৭ অপরাহ্ণ

ইরানে হাজার দম্পতির গণবিবাহ


ইরানে হাজার দম্পতির গণবিবাহ


ইরানের রাষ্ট্রীয় খরচে ‘জান-ফাদা’ কর্মসূচিতে জিলহজ মাসের ১ তারিখের সঙ্গে মিল রেখে তেহরানে এক হাজার দম্পতির গণবিয়ের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ঘিরে চলমান সংঘাত শুরুর পর এই উদ্যোগ চালু করা হয়। সরকার এটিকে শাসকগোষ্ঠীর প্রতি জনগণের আনুগত্যের প্রতীক হিসেবে তুলে ধরছে।

 

প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১৮ মে) সন্ধ্যায় তেহরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ চত্বরে একযোগে এসব বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ইমাম হোসেইন স্কয়ারে ১১০ দম্পতির বিয়ের অনুষ্ঠান বিকেল ৫টায় শুরু হওয়ার কথা জানানো হয়েছে।

 

এই দিনটি ইসলামের চতুর্থ খলিফা হযরত আলির সঙ্গে নবী মুহাম্মদের (স.) কন্যা ফাতিমার বিবাহবার্ষিকী। যা ইরানে আনুষ্ঠানিকভাবে ‘বিবাহ দিবস’ হিসেবে স্বীকৃত।

 

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাংস্কৃতিক উপপ্রধান রহিম নাদ-আলি সাংবাদিকদের কাছে বলেছেন, এই কর্মসূচির লক্ষ্য হলো ইসলামী জীবনধারার প্রচার এবং সাশ্রয়ী মূল্যে বিবাহের সুযোগ সহজতর করা।

 

যদিও অন্য সময় এই উপলক্ষে দেশজুড়ে অনেক আয়োজন করা হয়, কিন্তু যুদ্ধের কারণে অনুষ্ঠানগুলোকে সমন্বিত করার জন্য তেহরান এ বছর একটি বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করছে।

 

আইআরজিসির সাংস্কৃতিক উপপ্রধানের দেওয়া তথ্য অনুযায়ী, অনুষ্ঠানটির বাহ্যিক নকশায় সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। দম্পতিদের আনা-নেওয়ার জন্য ফুলে সজ্জিত জিপ গাড়ি ও সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। যার উদ্দেশ্য এই সামাজিক অনুষ্ঠানটিকে সাম্প্রতিক জাতীয় প্রতিরক্ষা অভিযানগুলোর সঙ্গে যুক্ত করা।

 

মূল অনুষ্ঠানটি ইমাম হোসেন স্কয়ারে বিকাল ৫টায় শুরু হয়। যেখানে ১১০ দম্পতি অংশগ্রহণ করেন। এই পর্বে, জনসাধারণের উপস্থিতিতে বিবাহের শপথ একযোগে পাঠ করা হবে।

 

ইমাম হোসেন স্কোয়ারে প্রাথমিক অনুষ্ঠান শেষ হওয়ার পর রাত ৮টায় নবদম্পতিকে বহনকারী যানবাহনের একটি বহর আজাদি স্কোয়ারের উদ্দেশে রওনা দেয়। যাত্রাপথে নির্ধারিত স্কোয়ারগুলোতে উদযাপন হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬