|
প্রিন্টের সময়কালঃ ২২ জুন ২০২৬ ০৭:৫৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ জুন ২০২৬ ০৪:৫১ অপরাহ্ণ

দুদক কমিশনার নিয়োগে ৫ সদস্যের বাছাই কমিটি গঠন


দুদক কমিশনার নিয়োগে ৫ সদস্যের বাছাই কমিটি গঠন


ঢাকা প্রেস, প্রতিবেদক

 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিনটি শূন্য কমিশনার পদে নিয়োগের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করেছে সরকার। সোমবার এ-সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়েছে।
 

দুদক আইন অনুযায়ী, কমিশনার পদে নিয়োগের জন্য যোগ্য ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে এই কমিটি। দুদক আইন, ২০০৪-এর ধারা ৭ অনুসারে কমিশনার নিয়োগের সুপারিশ প্রদানের উদ্দেশ্যে কমিটি গঠন করা হয়েছে।
 

গেজেট অনুযায়ী, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে কমিটির সভাপতি করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, বাংলাদেশের মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব।
 

বাছাই কমিটি তিনটি শূন্য পদের বিপরীতে প্রতিটির জন্য দুইজন করে মোট ছয়জনের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। পরে রাষ্ট্রপতি ওই ছয়জনের মধ্য থেকে তিনজনকে দুদকের কমিশনার হিসেবে নিয়োগ দেবেন। নিয়োগপ্রাপ্ত তিন কমিশনারের মধ্য থেকে একজনকে কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হবে।
 

উল্লেখ্য, গত ৩ মার্চ দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ একযোগে পদত্যাগ করেন। এরপর থেকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনারের পদগুলো শূন্য রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬