|
প্রিন্টের সময়কালঃ ২৩ এপ্রিল ২০২৬ ০৪:১১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ এপ্রিল ২০২৬ ০১:৪১ অপরাহ্ণ

হাজিদের জন্য নুসুক কার্ড বহন বাধ্যতামূলক


হাজিদের জন্য নুসুক কার্ড বহন বাধ্যতামূলক


আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে সৌদি আরবে গমনকারী হজ ও ওমরাহ যাত্রীদের জন্য ‘নুসুক কার্ড’ বহন বাধ্যতামূলক করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। 

রোববার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মক্কার মসজিদে হারামসহ অন্যান্য পবিত্র স্থানে প্রবেশের জন্য এই কার্ড অবশ্যই সঙ্গে রাখতে হবে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নুসুক কার্ড ছাড়া কোনো হাজিকে পবিত্র স্থানসমূহে প্রবেশ করতে দেওয়া হবে না। তাই যাত্রীদের সবসময় কার্ডটি বহনের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

নুসুক কার্ড সৌদি সরকারের একটি ডিজিটাল প্ল্যাটফর্মের অংশ, যা হজ ও ওমরাহ যাত্রীদের পরিচয়পত্র ও অনুমতিপত্র হিসেবে ব্যবহৃত হয়। এর মাধ্যমে পবিত্র স্থানগুলোতে প্রবেশ এবং যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়।

এদিকে, হজ কার্যক্রমের সূচনা হিসেবে শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট-২০২৬ উদ্বোধন করা হয়। পরদিন শনিবার (১৮ এপ্রিল) প্রথম হজ ফ্লাইটটি সৌদি আরবে পৌঁছায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০০১ ফ্লাইটটি জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে অবতরণ করে। এতে মোট ৪১৯ জন হজযাত্রী ছিলেন।

সৌদি আরবে পৌঁছানোর পর বাংলাদেশি হাজিদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। উপস্থিত ছিলেন দেশটির নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম এবং জেদ্দা কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। হাজিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের মাঝে রিফ্রেশমেন্ট কিট বিতরণ করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬