|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৬ ০৮:২৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ এপ্রিল ২০২৬ ০৫:২০ অপরাহ্ণ

গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু ২০ এপ্রিল


গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু ২০ এপ্রিল


মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

 

গোপালগঞ্জে হাম ও রুবেলা প্রতিরোধে তিন সপ্তাহব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে ২০ এপ্রিল থেকে। এই কর্মসূচির আওতায় জেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ এমআর (Measles-Rubella) টিকা প্রদান করা হবে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ নির্ধারিত টিকাদান কেন্দ্রগুলোতে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হবে। দুর্গম ও প্রত্যন্ত এলাকাগুলোতে অস্থায়ী টিকাদান কেন্দ্রও স্থাপন করা হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ। হাম থেকে নিউমোনিয়া, ডায়রিয়া ও এনকেফালাইটিসসহ গুরুতর জটিলতা হতে পারে। অন্যদিকে গর্ভবতী নারী রুবেলায় আক্রান্ত হলে গর্ভের শিশুর মারাত্মক ক্ষতির ঝুঁকি থাকে।

জেলা স্বাস্থ্য বিভাগ আরও জানিয়েছে, পূর্বে টিকা গ্রহণ করলেও এই ক্যাম্পেইনে নির্ধারিত বয়সের সব শিশুকে আবারও এমআর টিকা দেওয়া হবে। কোনো শিশু বাদ পড়লে ক্যাম্পেইন চলাকালীন যেকোনো দিন টিকা গ্রহণের সুযোগ থাকবে।

কর্মসূচির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে রোববার (১৯ এপ্রিল) বিকেলে সিভিল সার্জনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. ফারুক। সভায় আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. দিবাকর বিশ্বাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. নিশাত তাসনিম এবং পরিসংখ্যানবিদ মনিরুল ইসলাম।

এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ২০ এপ্রিল বেলা ১১টায় গোপালগঞ্জ পৌরসভায় করবেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬