ফেনীতে চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত
ফেনী প্রতিনিধি
ফেনীতে চেকপোস্টে দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত মুহাম্মদ আলমগীর (৪৬) এসআরবি-৭-এর ফেনী ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে এসআরবিতে দায়িত্ব পালন করছিলেন।
রোববার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
এসআরবি ও পুলিশ সূত্র জানায়, মাদকসংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি-৭ চট্টগ্রাম-ফেনী ক্যাম্পের একটি দল ফিলিং স্টেশনের পশ্চিম পাশে চট্টগ্রামমুখী লেনে চেকপোস্ট বসায়। এ সময় একটি ট্রাক দ্রুতগতিতে এসে চেকপোস্টে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দায়িত্বপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ডিএডি মুহাম্মদ আলমগীরকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়।
গুরুতর আহত আলমগীরকে সহকর্মীরা উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় ট্রাকচালক সজীবও আহত হন।
নিহত আলমগীর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মনাটিয়া গ্রামের মৃত নুরুদ্দীন আহমেদের ছেলে। তিনি পাঁচ সন্তানের বাবা।
এসআরবির সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আলমগীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত ট্রাকচালক সজীবকে আটক করা হয়েছে। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের সালাম গাজীর ছেলে এবং বর্তমানে এসআরবির হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মহিপাল হাইওয়ে থানার ওসি কবির হোসেন জানান, আলমগীরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা হাইওয়ে পুলিশ নেবে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬