|
প্রিন্টের সময়কালঃ ১৭ অক্টোবর ২০২৬ ১০:৩৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ অক্টোবর ২০২৬ ০৭:৩৭ অপরাহ্ণ

অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ


অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ


ডেস্ক নিউজ, ঢাকা প্রেস:

 

 

৮০ জনের ছানি অপারেশনের সম্পূর্ণ দায়িত্ব নিল 'মুরাদনগর সমিতি-ঢাকা'; বিনামূল্যে চশমা ও ওষুধ পেয়ে আনন্দে আত্মহারা রোগীরা

 

অর্থাভাবে থমকে থাকা চোখের আলো ফিরে পাওয়ার আনন্দে যেন নতুন জীবন পেলেন কুমিল্লার মুরাদনগরের তিন শতাধিক অসহায় ও দুস্থ মানুষ। শনিবার উপজেলার পাঁচপুকুরিয়া বাজার উচ্চ বিদ্যালয় মাঠে ‘মুরাদনগর সমিতি-ঢাকা’র উদ্যোগ ও সুরাইয়া ইসলামের সৌজন্যে আয়োজিত দিনব্যাপী এক বিনামূল্যে চক্ষু শিবিরে তাঁদের এ সেবা প্রদান করা হয়।

 

‘কুমিল্লা চক্ষু হাসপাতাল’ ও ‘বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা’র অভিজ্ঞ চিকিৎসকদের প্রত্যক্ষ পরিচালনায় সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এই বিশেষ চিকিৎসা কার্যক্রম। এতে আগত রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ, চশমা ও ওষুধ বিতরণ করা হয়।

 

শিবিরের অন্যতম প্রধান আকর্ষণ ছিল চিহ্নিত ৮০ জন ছানি পড়া (ক্যাটারাক্ট) দুস্থ রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে কুমিল্লা চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে অস্ত্রোপচারের বিশেষ ব্যবস্থা করা। দীর্ঘদিন অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে না পারা রোগীরা বাড়ির কাছে এমন বিশ্বস্ত ও আধুনিক সেবা পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন।

 

অনুষ্ঠানে মুরাদনগর সমিতি-ঢাকার সভাপতি প্রকৌশলী মো. এনামুল হক খানের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সরকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক কৃষিবিদ জামাল উদ্দিন আহমদ। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজ মোল্লা। অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সভাপতির বক্তব্যে প্রকৌশলী মো. এনামুল হক খান জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে অবহেলিত ও প্রান্তিক জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আগামীতেও মুরাদনগর সমিতি-ঢাকার এমন মানবিক প্রয়াস অব্যাহত থাকবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬