সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক: রিজভী
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
বাংলাদেশের সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দল ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ৭ নভেম্বর দেশকে মতপ্রকাশের স্বাধীনতার পথ দেখিয়েছে। এ ক্ষেত্রে সশস্ত্র বাহিনী ও দেশের জনগণের অবদান অপরিসীম। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে সেনাবাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁদের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা সর্বাগ্রে। সেনাবাহিনী শুধু একটি প্রতিরক্ষা বাহিনী নয়, এটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অন্যতম প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই দেশে আধুনিক সেনাবাহিনী গড়ে ওঠার ভিত্তি তৈরি হয়েছে। একই সঙ্গে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদানের কথাও তুলে ধরেন।
রিজভী বলেন, যারা পরাজিত শক্তি এবং অন্যের পদতলে নিজেদের সমর্পণ করে, তাদের মনে রাখা উচিত—এ দেশের মানুষের স্বাধীনতাকামী চেতনা ও সার্বভৌমত্বের আকাঙ্ক্ষাকে কোনোভাবেই দুর্বল করা যাবে না। দেশের স্বাধীনতা ও জাতীয় মর্যাদার বিরুদ্ধে যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান এ ক্ষেত্রে গভীরভাবে সম্পৃক্ত।
র্যালিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন ও সদস্য সচিব এস এম জাহাঙ্গীর, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন উপস্থিত ছিলেন।
এ ছাড়া যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী র্যালিতে অংশ নেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬