প্রেস ক্লাব সদস্য না হলে সাংবাদিক নয়—এসিল্যান্ডের মন্তব্যে বিতর্ক
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সদরে সরকারি বিধি লঙ্ঘনের অভিযোগে একটি তেলের পাম্পে সংবাদ সংগ্রহ করতে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বাবুর বক্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। তিনি ‘প্রেস ক্লাবের সদস্য না হলে কেউ সাংবাদিক হতে পারে না’—এমন মন্তব্য করে এক সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনে বাধা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে শহরের পুলিশ লাইন সংলগ্ন হাসনা অ্যান্ড হেনা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। সেখানে জাগো নিউজের গাইবান্ধা জেলা প্রতিনিধি আনোয়ার আল শামীম সংবাদ সংগ্রহ করতে গেলে এ পরিস্থিতির মুখোমুখি হন।
জানা যায়, জ্বালানি তেল বিতরণে অনিয়ম ও সাধারণ মানুষকে দীর্ঘ সময় লাইনে দাঁড় করিয়ে রেখে চাকরিজীবীদের অগ্রাধিকার দেওয়ার অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে যান ওই সাংবাদিক। এ সময় দায়িত্বরত ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত এসিল্যান্ড জাহাঙ্গীর আলম বাবুর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি কোনো তথ্য না দিয়ে উল্টো সাংবাদিকের পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, সংশ্লিষ্ট সাংবাদিক কোন প্রেস ক্লাবের সদস্য এবং দাবি করেন, প্রেস ক্লাবের সদস্য ছাড়া কেউ সাংবাদিক হতে পারে না।
এ বিষয়ে সাংবাদিক আনোয়ার আল শামীম বলেন, সাংবাদিকতা করতে প্রেস ক্লাবের সদস্য হওয়া বাধ্যতামূলক নয়; বরং যে গণমাধ্যমে কাজ করা হয়, সেই প্রতিষ্ঠানের পরিচয়ই মুখ্য। তবে তার এই বক্তব্যের জবাবে এসিল্যান্ড তাকে ‘সাংবাদিক নন’ বলে মন্তব্য করেন এবং আগে কোনো একটি প্রেস ক্লাবের সদস্য হওয়ার পরামর্শ দেন।
ঘটনাস্থলে উপস্থিত এক যুবলীগ নেতা মেহেদী সাংবাদিকের ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে। তিনি নাকি বলেন, “আমরাই দেশ চালাই, আমাদের সঙ্গে সাংবাদিকতা চলবে না।” প্রত্যক্ষদর্শীদের মতে, এসিল্যান্ডের বক্তব্যের পর ওই যুবক আরও বেপরোয়া হয়ে ওঠেন। এ সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় কলেজ শিক্ষক মকবুল হোসেন জানান, সকাল থেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও সাধারণ মানুষ তেল পাচ্ছেন না। অথচ চাকরিজীবীরা লাইনের বাইরে থেকে সহজেই তেল সংগ্রহ করছেন, এমনকি বহিরাগতরাও সুবিধা পাচ্ছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসিল্যান্ড জাহাঙ্গীর আলম বাবু বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে প্রেস ক্লাব সদস্যপদ বাধ্যতামূলক নয়—এ তথ্য তার জানা ছিল না। তবে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার বিষয়ে তিনি দায় এড়িয়ে বলেন, পুলিশ চাইলে অভিযুক্তকে আটক করতে পারত।
এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ বলেন, একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে এ ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয়। সাংবাদিক হতে প্রেস ক্লাবের সদস্য হওয়া বাধ্যতামূলক—এমন কোনো নিয়ম নেই। বিষয়টি জেলা প্রশাসককে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
তবে এ বিষয়ে গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬