সন্তান জন্ম দিতে ভ্রমণ করলে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে শুধু সন্তানের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে গিয়ে সেখানে সন্তান জন্ম দেওয়ার জন্য ভ্রমণ ভিসা ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এমন উদ্দেশ্য ধরা পড়লে ভিসা আবেদন সরাসরি বাতিল করা হবে বলেও সতর্ক করেছে তারা।
বুধবার দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, শুধুমাত্র সন্তানকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব দেওয়ার উদ্দেশ্যে সেখানে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার করা গ্রহণযোগ্য নয়। কনস্যুলার কর্মকর্তা যদি মনে করেন ভ্রমণের মূল উদ্দেশ্য এটিই, তাহলে ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, যদি কারও যুক্তরাষ্ট্রে প্রবেশের প্রধান উদ্দেশ্য হয় শুধু চিকিৎসাসেবা নিয়ে সন্তান জন্ম দেওয়া এবং শিশুর জন্য নাগরিকত্ব নিশ্চিত করা, তাহলে সেই আবেদন অনুমোদন পাবে না।
কনস্যুলার কর্মকর্তারা জানিয়েছেন, আবেদনকারীর উদ্দেশ্য এ ধরনের মনে হলে তারা ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।
এছাড়া যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার নিয়ম সম্পর্কেও ব্যাখ্যা দেওয়া হয়েছে। কিছু নির্দিষ্ট শর্ত পূরণ হলে বিদেশে জন্ম নেওয়া শিশুও জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পেতে পারে।
নিয়ম অনুযায়ী, যদি শিশুর বাবা-মা উভয়েই যুক্তরাষ্ট্রের নাগরিক হন, অথবা একজন নাগরিক এবং অন্যজন বিদেশি হন, তাহলে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে শিশুটি নাগরিকত্ব পেতে পারে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও জাতীয়তা আইনের তিনশ এক এবং তিনশ নয় ধারা অনুযায়ী বিধানগুলো নির্ধারিত হয়েছে বলে জানানো হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬