বকশীগঞ্জে সাংবাদিক হিলারীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে দৈনিক মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি ও বকশীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন হিলারীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে ‘বকশীগঞ্জের সাংবাদিক সমাজ ও সর্বস্তরের জনসাধারণ’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী দীর্ঘদিন ধরে বকশীগঞ্জে সাংবাদিকতা করছেন। তিনি বিভিন্ন অনিয়ম ও অসংগতির বিষয়ে সংবাদ প্রকাশ করে আসছেন। এ কারণে তাকে হয়রানি ও চাপের মধ্যে ফেলতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলাটি করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।
বক্তারা মামলাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়ার দাবি জানান। একই সঙ্গে হয়রানিমূলক মামলা দায়েরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তারা একটি জমি-সংক্রান্ত বিরোধের বিষয়ও তুলে ধরেন। তাদের দাবি, সংশ্লিষ্ট দাগের জমির বি.আর.এস. রেকর্ড নুরুন্নাহার ওরফে কাপাশি বিবির নামে চূড়ান্তভাবে প্রকাশিত ছিল। ১৯৯০ সালের দিকে ওই এলাকায় চলাচলের জন্য একটি রাস্তা নির্মাণ করা হয়। পরে ১৯৯৩ সালে সাংবাদিক হিলারীর দাদা-শ্বশুর হেকমত আলী, শ্বশুর লিয়াকত আলী ও ফুফু-শাশুড়িসহ তিনজন মিলে ৩৩ শতাংশ জমি কিনে সেখানে বাড়িঘর নির্মাণ করে ভোগদখল করে আসছিলেন বলে বক্তারা দাবি করেন।
তাদের অভিযোগ, রাস্তা নির্মাণের পর খতিয়ানের হোল্ডিং থেকে রাস্তার অংশ আলাদাভাবে কর্তন না হওয়ায় পরবর্তীতে জমিটি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। বক্তাদের দাবি, আবুল কাশেম কাশি কৌশলে রাস্তার জমি নিজের নামে খারিজ করে নেন। তাদের আরও দাবি, ওই সম্পত্তির সঙ্গে সাংবাদিক হিলারীর সরাসরি সম্পৃক্ততা না থাকলেও তাকে মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে আবুল কাশেম কাশির বক্তব্য জানা যায়নি।
মানববন্ধনে দৈনিক ইত্তেফাকের সাংবাদিক শাহীন আল আমিন, কালের কণ্ঠের আব্দুল লতিফ লায়ন, আজকের পত্রিকার রাশেদুল ইসলাম রনি, সমকালের মাসুদুল হাসান, আরটিভির জিএম ফাতিউল হাফিজ বাবু, প্রতিদিনের কাগজের মনিরুজ্জামান লিমন, দৈনিক ইনকিলাবের এমদাদুল হক লালন, নয়া দিগন্তের আল মুজাহিদ বাবু, সাংবাদিক মারুফ হাসান, দৈনিক মানবজমিনের আশরাফুল হায়দার, আমার দেশের রকিবুল হাসান বিদ্রোহী, দেশের কণ্ঠের সালাম মাহমুদ, রূপালী বাংলাদেশের মুস্তাফা গাজী, আগামীর সময়ের রাসেল রানা, সাংবাদিক হারুনুর রশিদ, রিপন রাজ, সকালের সময়ের জামিল মিয়া, আজকের বসুন্ধরার ইমরান মাহমুদ, প্রাইম টিভির সাদিয়া ইসলাম, গণকণ্ঠের ইমরান মিয়াসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬