নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ড, শাকিব-তমাসহ থাকছেন একঝাঁক তারকা
বিনোদন ডেস্ক
বাংলাদেশের চলচ্চিত্র, নাটক, সংগীত ও সংস্কৃতি অঙ্গনের তারকাদের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’। আগামী ১০ অক্টোবর লং আইল্যান্ড সিটির ইভাঞ্জেল চার্চ সেন্টারে বসবে এবারের আয়োজন।
আয়োজকেরা জানান, দেশের বিনোদন ও সংস্কৃতি অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখা শিল্পীদের সম্মাননা দেওয়া হবে এবারের আয়োজনে। তবে সম্মাননাপ্রাপ্তদের নাম অনুষ্ঠানেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
আয়োজনে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, মিশা সওদাগর, অমিত হাসান, নিরব হোসেন, ইমন, চঞ্চল চৌধুরী, তমা মির্জা, প্রার্থনা ফারদিন দীঘি, তানজিয়া জামান মিথিলা, অর্চিতা স্পর্শিয়া, শিরিন শিলা, জলি ও সামিরা খান মাহিসহ অনেক তারকার অংশ নেওয়ার কথা রয়েছে।

সংগীতাঙ্গন থেকেও থাকছেন রিজিয়া পারভীন, এস আই টুটুল, বিন্দু কনাসহ বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী। সম্মাননা প্রদান ছাড়াও অনুষ্ঠানে থাকবে স্টেজ পারফরম্যান্স ও সংগীত পরিবেশনা।
এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। আয়োজকদের ভাষ্য, তিনি সম্মাননা গ্রহণের পাশাপাশি অন্যদের হাতে সম্মাননা তুলে দেওয়া এবং স্টেজ পারফরম্যান্সেও অংশ নেবেন। প্রায় পাঁচ বছর পর যুক্তরাষ্ট্রের এ আয়োজনে দেখা যাবে শাকিব খানকে। এর আগে ২০২১ সালে জ্যামাইকায় অনুষ্ঠিত ১৯তম ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিয়েছিলেন তিনি।
‘শো টাইম’-এর প্রেসিডেন্ট খায়রুল ইসলাম খোকন ও ভাইস প্রেসিডেন্ট চৌধুরী সাফওয়াত গণির সার্বিক তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় এবারের আয়োজন হচ্ছে। অনুষ্ঠানের উপদেষ্টা হিসেবে রয়েছেন শাহিন কবির।
আয়োজক খায়রুল ইসলাম খোকন বলেন, বাংলাদেশের চলচ্চিত্র, সংগীত, নাটক ও সংস্কৃতির সঙ্গে যুক্ত শিল্পীদের সম্মান জানানো এবং প্রবাসের মাটিতে বাংলা সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরাই তাঁদের মূল লক্ষ্য। এবারের আয়োজনে বাংলাদেশ থেকে সর্বাধিক সংখ্যক তারকার অংশগ্রহণ নিশ্চিত হয়েছে বলেও জানান তিনি।
চৌধুরী সাফওয়াত গণি বলেন, ‘ঢালিউড অ্যাওয়ার্ড শুধু পুরস্কার প্রদান অনুষ্ঠান নয়, এটি বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিকে সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ আয়োজন। এক বছরের বিরতির পর নতুন উদ্যমে এবারের আয়োজন করা হচ্ছে। কারা সম্মাননা পাচ্ছেন, তা অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে।’
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬