বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম, দেশে ভরি কত?
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম টানা কয়েক দিনের উত্থান-পতনের পর আবারও নিম্নমুখী প্রবণতায় নেমে এসেছে। শক্তিশালী মার্কিন ডলারের প্রভাবে বিনিয়োগকারীদের চাপ বাড়ায় স্বর্ণের দর প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ২২ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭১৮ দশমিক ৯৮ ডলারে নেমে আসে। দিনের শুরুতেই এটি ৭ এপ্রিলের পর সর্বনিম্ন অবস্থানে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রে জুন ডেলিভারির গোল্ড ফিউচারসও ১ শতাংশ কমে ৪ হাজার ৭৪২ ডলারে দাঁড়ায়।
বাজার বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি না থাকায় ডলারের চাহিদা বেড়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে স্বর্ণের ওপর।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার রয়টার্সকে বলেন, “শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় যুদ্ধবিরতির আশা ধাক্কা খেয়েছে। এর ফলে ডলার ও তেলের দাম বাড়ায় স্বর্ণ আবারও চাপে পড়েছে।”
তিনি আরও জানান, তেলের দাম ১০০ ডলারের ওপরে গেলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়, আর এই প্রত্যাশাই স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টি করছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরান সংঘাত শুরুর পর থেকে স্বর্ণের দাম ইতোমধ্যে ১১ শতাংশের বেশি কমেছে বলেও বাজার বিশ্লেষণে উঠে এসেছে।
অন্যদিকে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে। রুপার দাম ২ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৭৪ দশমিক ২৩ ডলার, প্লাটিনাম ০ দশমিক ৫ শতাংশ কমে ২ হাজার ৩৪ দশমিক ৯৫ ডলার এবং প্যালাডিয়াম ১ শতাংশ বেড়ে ১ হাজার ৫৩৫ দশমিক ৭৭ ডলারে পৌঁছেছে।
দেশের বাজারে স্বর্ণের নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬