|
প্রিন্টের সময়কালঃ ০২ অক্টোবর ২০২৬ ০৬:৪২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ ডিসেম্বর ২০২৫ ০৩:৫৮ অপরাহ্ণ

দহগ্রাম সীমান্তে বিএসএফ সদস্যের অনৈতিক প্রবেশ, বিজিবির হাতে আটক


দহগ্রাম সীমান্তে বিএসএফ সদস্যের অনৈতিক প্রবেশ, বিজিবির হাতে আটক


লালমনিরহাট প্রতিনিধি:



লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর এক সদস্য। তাকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আটক করেছে।

 

আটককৃত বিএসএফ সদস্যের নাম বেদ প্রকাশ। তিনি ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের টহলদলের সদস্য। রোববার ভোর ৫টার দিকে প্রায় ১০০ গজ বাংলাদেশে প্রবেশ করার পর তাকে দহগ্রাম আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পে হেফাজতে নেওয়া হয়। বিজিবি সূত্রে জানা গেছে, ওই ঘটনায় বিজিবি পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানিয়েছে।
 

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ-ভারত সীমান্তের ডিএএমপি প্রধান পিলার ১ নম্বরের উপপিলার ৭ নম্বর সংলগ্ন এলাকা হচ্ছে দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া। সীমান্তের বিপরীতপাশে ভারতের কোচবিহারের কচুলিবাড়ী থানার কারেঙ্গাতলী এলাকা। ভোরের এই সময়ে বিএসএফ সদস্য বেদ প্রকাশ ভারতীয় শূন্যরেখা অতিক্রম করে ডাঙ্গাপাড়া এলাকায় প্রবেশ করেন। ৫১ বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম আঙ্গরপোতা ক্যাম্পের টহলদল তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।
 

আটকের সময় তার কাছ থেকে একটি শর্টগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পাওয়া গেছে। বর্তমানে এই সব সরঞ্জামাদিসহ তাকে আঙ্গরপোতা ক্যাম্পে হেফাজতে রাখা হয়েছে।
 

বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদে বেদ প্রকাশ জানিয়েছে, কুয়াশার কারণে গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে ভুলবশত বাংলাদেশে প্রবেশ করেছেন। তিনি আরও জানান, এ ঘটনায় বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক করার কথা রয়েছে। বিএসএফ দুঃখ প্রকাশ করেছে এবং সদস্যকে ফেরত নেওয়ার অনুরোধ জানিয়েছে।
 

বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত চুক্তি ১৯৭৫ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ওই বিএসএফ সদস্যের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬