কুমিল্লায় অবৈধভাবে বালু উত্তোলন: ২ ব্যবসায়ীর কারাদণ্ড, ড্রেজার-পাইপ অপসারণ
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই বালু ব্যবসায়ীকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে নদী ও কৃষি জমি রক্ষায় ঘটনাস্থল থেকে ৩টি ড্রেজার মেশিন এবং প্রায় ১,৫০০ ফুট পাইপ অপসারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সাজাপ্রাপ্তদের আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— উপজেলার পীর কাশিমপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে হান্নান (২৮) এবং একই গ্রামের আব্দুর রহমানের ছেলে ইয়াসিন (২৯)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার আকবপুর ইউনিয়ন এলাকায় দীর্ঘদিন ধরে একদল অসাধু ব্যবসায়ী অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁনের নেতৃত্বে এক অভিযান পরিচালিত হয়। অভিযানে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা শেষে সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন জানান, "পরিবেশ রক্ষা ও কৃষিজমি সংরক্ষণে অবৈধ উপায়ে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
অভিযানকালে বাঙ্গরা বাজার থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬