|
প্রিন্টের সময়কালঃ ১০ আগu ২০২৬ ০৯:৫২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ আগu ২০২৬ ০৮:২৫ অপরাহ্ণ

ফ্রেন্ডশিপ হাসপাতাল পরিদর্শনে উখিয়ার ইউএনও পান্না আক্তার


ফ্রেন্ডশিপ হাসপাতাল পরিদর্শনে উখিয়ার ইউএনও পান্না আক্তার


স্টাফ রিপোর্টার, কক্সবাজার:

 

কক্সবাজারের উখিয়ায় ফ্রেন্ডশিপ হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে তিনি পালংখালী ইউনিয়নের বালুখালীতে অবস্থিত হাসপাতালটি পরিদর্শন করেন।
 

পরিদর্শনকালে ইউএনও হাসপাতালের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন। পরে তিনি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ প্রাপ্তি ও হাসপাতালের সামগ্রিক সেবার বিষয়ে খোঁজ নেন।
 

এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা স্থানীয় প্রসূতি খাদিজা বেগম জানান, এখানে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়া যায়। হাসপাতালের সেবার মানও সন্তোষজনক বলে জানান তিনি।
 

হাসপাতালের পরিবেশ ও চিকিৎসাসেবায় সন্তোষ প্রকাশ করে ইউএনও পান্না আক্তার বলেন, রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে। অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগীদের হয়রানি না করে প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় অসচ্ছল রোগীদেরও সাধ্য অনুযায়ী অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
 

ফ্রেন্ডশিপের স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. গোলাম রসুল বলেন, হাসপাতালটিতে স্থানীয় ও রোহিঙ্গা—উভয় জনগোষ্ঠীর মানুষ চিকিৎসাসেবা পাচ্ছেন। বিশেষ করে মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানে হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
 

ফ্রেন্ডশিপের জেলা সরকারি লিয়াজোঁ সিনিয়র কো-অর্ডিনেটর তারেক সিরাজ চৌধুরী জানান, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে এ হাসপাতালে ৩৬ হাজার ২৫৪ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন।
 

পরিদর্শনকালে ইউএনওকে স্বাগত জানান এসআরএইচআর সমন্বয়কারী ডা. মেরিনা বিনতে আলম, হসপিটাল ইনচার্জ ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী মো. রেজওয়ান রাব্বি ও ফ্যাসিলিটি সমন্বয়কারী ইমাম হোসাইনসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।
 

উল্লেখ্য, উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীতে অবস্থিত ফ্রেন্ডশিপ হাসপাতালটি ২০১৮ সালের অক্টোবর থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠার পর থেকে হাসপাতালটি স্থানীয় জনগোষ্ঠী ও রোহিঙ্গাদের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬