পিরোজপুরে ডিবি পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, কেয়ারটেকার হাসপাতালে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিরুদ্ধে এক ব্যক্তিকে আটক রেখে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। চুরির অপবাদে মো. ইউনুস নামের এক অস্থায়ী কেয়ারটেকারকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের অভিযোগ, গত সোমবার (১৩ এপ্রিল) পিরোজপুর পুলিশ অফিসার্স মেসে কর্মরত ইউনুসকে টাকা চুরির সন্দেহে ডিবি পুলিশ আটক করে। জিজ্ঞাসাবাদের নামে তাকে দফায় দফায় মারধর করা হয়। একপর্যায়ে তার শরীরের সংবেদনশীল স্থানে আগুন দিয়ে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
স্বজনদের দাবি, ঘটনাটি ধামাচাপা দিতে প্রথমে ইউনুসকে স্থানীয় একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। পরে ১৪ এপ্রিল অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে ভিন্ন বক্তব্য দিতে চাপ প্রয়োগ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত ডিবি কর্মকর্তা আরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বর্তমানে ছুটিতে আছেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। অন্যদিকে পিরোজপুরের পুলিশ সুপারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।
ইউনুসের ভাই আনিসুর রহমান বলেন, “আমার ভাইকে বিনা অপরাধে অমানুষিক নির্যাতন করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. স্বাগত হাওলাদার জানান, ইউনুসের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬