লিটারে ১৬ টাকা কমল জেট ফুয়েলের দাম
দেশের বাজারে বিমান চলাচলে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আরও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দর নির্ধারণের বিষয়টি জানানো হয়। নতুন এই মূল্য আজ রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জুন মাসে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে লিটারপ্রতি দাম কমেছে ১৫ টাকা ৬৭ পয়সা।
আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম কমানো হয়েছে। প্রতি লিটার ১ দশমিক ০৮২৩ ডলার থেকে কমিয়ে ০ দশমিক ৯৮০৮ ডলার নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২৩ মে অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য দাম ১ দশমিক ৩৩৮৫ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ০৮২৩ ডলার করা হয়।
বিইআরসি জানিয়েছে, অভ্যন্তরীণ ফ্লাইটের জ্বালানি ক্রেতা হিসেবে রয়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার বিমানবন্দরসহ অন্যান্য কার্যকর ও ভবিষ্যৎ বিমানবন্দর।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬