|
প্রিন্টের সময়কালঃ ১৮ এপ্রিল ২০২৬ ০৭:৫৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ এপ্রিল ২০২৬ ০৪:৪৮ পূর্বাহ্ণ

হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার, উদ্বোধন হলো হজ ফ্লাইট


হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার, উদ্বোধন হলো হজ ফ্লাইট


নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:

 

 

পবিত্র হজ পালন উপলক্ষে বাংলাদেশ থেকে সৌদি আরবে গমনরত হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো এ উপহারসামগ্রী ইতোমধ্যে ঢাকা হজ অফিসে পৌঁছেছে।

 

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, হজযাত্রীদের যাত্রা স্বাচ্ছন্দ্যময় করতে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়েছে। এর মধ্যে রয়েছে এক লাখ বোতল বিশুদ্ধ মিনারেল ওয়াটার। এর মধ্যে ৬০ হাজার বোতল আশকোনা হজক্যাম্পে অবস্থানরত হজযাত্রীদের জন্য সংরক্ষণ করা হয়েছে এবং বাকি ৪০ হাজার বোতল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়েছে। এসব পানি শুধুমাত্র হজযাত্রীদের ব্যবহারের জন্য নির্ধারিত।

 

এছাড়া উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের জন্য বিশেষ উপহার প্যাকেজ প্রস্তুত করা হয়েছে। এসব প্যাকেজে রয়েছে ব্যাকপ্যাক, ইহরাম সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক এবং পবিত্র আজওয়া খেজুর। সংশ্লিষ্টরা জানান, প্রতিটি উপহারসামগ্রী যত্নসহকারে প্যাকেটজাত করা হয়েছে এবং উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের হাতে তা তুলে দেওয়া হবে।

 

উল্লেখ্য, শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। চলতি বছরে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন।

 

সংশ্লিষ্টদের আশা, এই উদ্যোগ হজযাত্রীদের প্রতি সরকারের আন্তরিকতা ও সেবামূলক মনোভাবের প্রতিফলন হিসেবে বিবেচিত হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬