|
প্রিন্টের সময়কালঃ ১৯ মে ২০২৬ ০৯:৪৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ মে ২০২৬ ০৬:৫৯ অপরাহ্ণ

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, শোক সইতে না পেরে শিক্ষার্থীর মৃত্যু


নওগাঁয় সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, শোক সইতে না পেরে শিক্ষার্থীর মৃত্যু


নওগাঁ প্রতিনিধি:

 

নওগাঁর বদলগাছীতে সিএনজিচালিত অটোরিকশা ও ধান মাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষিকা নিহত এবং অপর এক শিক্ষিকা আহত হয়েছেন। এদিকে নিহত শিক্ষিকার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার। মঙ্গলবার দুপুরে উপজেলার চাকরাইল বটতলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

নিহত শিক্ষিকা উম্মে কুলসুম উপজেলার সদর দুর্গাপাড়া এলাকার বাসিন্দা এবং বদলগাছী লাবণ্য প্রভা ও কমিউনিটি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। আহত মমতাজ জাহান একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও সদর উপজেলার গোড়শাহী গ্রামের বাসিন্দা। এছাড়া মারা যাওয়া শিক্ষার্থী তাসনিম ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা গোড়শাহী এলাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা দেয়। পথে চাকরাইল বটতলী মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ধান মাড়াই মেশিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই শিক্ষিকা উম্মে কুলসুম নিহত হন এবং গুরুতর আহত হন মমতাজ জাহান।
 

পরে স্থানীয়রা আহত শিক্ষিকাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
 

এদিকে শিক্ষিকা উম্মে কুলসুমের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিম হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 

তাসনিমের বাবা আবুল কালাম জানান, ফেসবুকে শিক্ষিকার মৃত্যুর খবর দেখেই তার মেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান নাহিদ বলেন, আকস্মিক শোক বা মানসিক আঘাতে কেউ অসুস্থ হয়ে পড়তে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
 

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষিকা নিহত হওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬