প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে নিরাপত্তা প্রস্তুতি, ভেন্যু পরিদর্শনে ডিআইজি
ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ১ অক্টোবর ফেনী সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি শুরু হয়েছে। এর অংশ হিসেবে ফেনীর পরশুরাম ও ফুলগাজীর সম্ভাব্য জনসভাস্থলসহ বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী।
শুক্রবার দিনভর তিনি জেলা ও উপজেলা পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সম্ভাব্য জনসভাস্থল ও গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে দেখেন। এ সময় প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তাব্যবস্থা, প্রস্তুতি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় কার্যক্রম পর্যালোচনা করা হয়।
পরিদর্শনের সময় ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম, ফেনী সদর, দাগনভূঞা ও সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এবং জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিআইজি পরশুরামের মুহুরী নদীর স্টিল ব্রিজসংলগ্ন সম্ভাব্য জনসভাস্থল, পরশুরাম পাইলট উচ্চবিদ্যালয়ের অস্থায়ী হেলিপ্যাডের মাঠ, ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠ, বেগম খালেদা জিয়া মহিলা কলেজ মাঠ এবং ফুলগাজী ডাকবাংলো পরিদর্শন করেন।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরসূচিতে থাকা স্থানগুলোর সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আলোচনা করেন ডিআইজি। নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।
ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ডিআইজির ভেন্যু পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা প্রশাসনও জানিয়েছে, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন আজ শনিবার ফেনী সফরে আসবেন। তিনি সম্ভাব্য ভেন্যু ও প্রশাসনিক প্রস্তুতি পরিদর্শন করবেন।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে সামনে রেখে জেলা ও উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬