|
প্রিন্টের সময়কালঃ ০৪ মে ২০২৬ ০২:৫৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ মে ২০২৬ ১২:১১ অপরাহ্ণ

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, প্রাথমিক ঝোঁকে এগিয়ে বিজেপি


পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, প্রাথমিক ঝোঁকে এগিয়ে বিজেপি


ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা সোমবার সকাল ৮টা (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) থেকে শুরু হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাজ্যজুড়ে ৭৭টি গণনাকেন্দ্রে এই প্রক্রিয়া চলছে। প্রাথমিক গণনায় দেখা যাচ্ছে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে।

রাজ্য বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে এখন পর্যন্ত প্রাপ্ত প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, বিজেপি বেশ কিছু আসনে লিড দিচ্ছে। সকাল সোয়া ৯টা পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে, ১১২টি আসনের মধ্যে বিজেপি ৫৬টিতে, তৃণমূল কংগ্রেস ৫৩টিতে এবং কংগ্রেস ২টিতে এগিয়ে রয়েছে।

বামফ্রন্ট বা সিপিএম এখন পর্যন্ত কোনো আসনে লিড দিতে পারেনি। তবে দুপুর ১২টার মধ্যে জয়-পরাজয়ের একটি স্পষ্ট চিত্র পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচন কমিশন এবার গণনাকেন্দ্রের সংখ্যা ১০৮ থেকে কমিয়ে ৭৭টি করেছে। এর মধ্যে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে মহানগরের বড় একটি অংশের ভোট গণনা করা হচ্ছে। পুরো গণনাকেন্দ্র এলাকাকে তিন স্তরের নিরাপত্তা বলয়ে ঢেকে দেওয়া হয়েছে।

কাউন্টিং এজেন্টদের কিউআর কোডযুক্ত বিশেষ পরিচয়পত্র দেওয়া হয়েছে এবং কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এবারের নির্বাচনে সবার চোখ দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনের দিকে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী একে অপরের মুখোমুখি হয়েছেন। এ ছাড়া গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন তৃণমূলের ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, শশী পাঁজা এবং বিজেপির রুদ্রনীল ঘোষ ও অগ্নিমিত্রা পাল।

বিশেষভাবে আলোচনায় রয়েছেন আর জি কর মেডিকেল কলেজে নিহত ছাত্রীর মা রত্না দেবনাথ, যিনি বিজেপি থেকে পানিহাটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিদেশে থাকা দলীয় নেতাদের সমন্বয় এবং রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আজকের এই ফলাফল পশ্চিমবঙ্গের আগামী পাঁচ বছরের শাসন ক্ষমতা কার হাতে থাকবে, তা নির্ধারণ করবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬