|
প্রিন্টের সময়কালঃ ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০১:০৩ অপরাহ্ণ

আপেলের বীজ চিবিয়ে খেলে কী হতে পারে, জানুন ঝুঁকি


আপেলের বীজ চিবিয়ে খেলে কী হতে পারে, জানুন ঝুঁকি


অনলাইন ডেস্ক


 

আপেল পুষ্টিগুণসমৃদ্ধ একটি ফল। নিয়মিত আপেল খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে আপেল খাওয়ার সময় অনেকেই অসাবধানতাবশত এর বীজও খেয়ে ফেলেন। অল্প কয়েকটি বীজ ভুল করে গিলে ফেললে সাধারণত বড় ধরনের সমস্যা হয় না। তবে আপেলের বীজ চিবিয়ে বেশি পরিমাণে খেলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
 

আপেলের বীজে অ্যামিগডালিন নামের একটি যৌগ থাকে। বীজ চিবিয়ে খাওয়ার পর হজমের সময় অ্যামিগডালিন ভেঙে হাইড্রোজেন সায়ানাইড তৈরি করতে পারে। অতিরিক্ত পরিমাণে এই বিষাক্ত পদার্থ শরীরে প্রবেশ করলে বিষক্রিয়া দেখা দেওয়ার আশঙ্কা থাকে।
 

সায়ানাইড শরীরের কোষের অক্সিজেন ব্যবহারের প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে। গুরুতর বিষক্রিয়ায় মাথা ঘোরা, দুর্বলতা, বমি, শ্বাসকষ্ট, খিঁচুনি, চেতনা হারানোসহ বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। মাত্রা বেশি হলে হৃদ্‌যন্ত্র ও মস্তিষ্কের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কাও থাকে।
 

তবে চিকিৎসকদের মতে, ভুল করে দু-একটি আপেলের বীজ গিলে ফেললেই সাধারণত বিষক্রিয়া হওয়ার আশঙ্কা থাকে না। ঝুঁকি মূলত বীজ চিবিয়ে বেশি পরিমাণে খাওয়ার ক্ষেত্রে তৈরি হয়। তাই আপেল খাওয়ার সময় বীজ ফেলে দেওয়াই নিরাপদ।
 

বিশেষ করে শিশুদের আপেল খাওয়ানোর সময় বীজ সরিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। আর কেউ যদি প্রচুর পরিমাণে আপেলের বীজ চিবিয়ে খেয়ে ফেলেন এবং অসুস্থতার কোনো লক্ষণ দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬