পুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার
বাংলাদেশ পুলিশ বাহিনীকে তাদের আগের ঐতিহ্যবাহী পোশাকে ফিরিয়ে নিতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পোশাক নিয়ে পুলিশ বাহিনীর সদস্যরা সন্তুষ্ট নন। বাহিনীর হারানো গৌরব ও ঐতিহ্য ফিরিয়ে আনতে আগের যেকোনো একটি মানসম্মত পোশাক পুনরায় চালুর প্রক্রিয়া চলছে।
তিনি আরও উল্লেখ করেন যে, পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও আধুনিক সেবাধর্মী হিসেবে গড়ে তুলতে ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠন করা হয়েছে, যার সুফল দেশবাসী শিগগিরই পাবেন।
সালাহউদ্দিন আহমদ জোর দিয়ে বলেন, পুলিশ কোনো বিশেষ রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী নয়; তারা হবে জনগণের প্রকৃত বন্ধু। গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোয় পুলিশকে একটি মানবিক ও জনবান্ধব বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। তিনি নবীন কর্মকর্তাদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের এই সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে মোট ৭২ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) তাদের মৌলিক প্রশিক্ষণ শেষ করে আনুষ্ঠানিকভাবে চাকরিতে যোগদান করলেন। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬