|
প্রিন্টের সময়কালঃ ২৭ অক্টোবর ২০২৬ ১০:০৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ অক্টোবর ২০২৬ ০৮:০৬ অপরাহ্ণ

মাদারগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতাসহ আটক ৩


মাদারগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতাসহ আটক ৩


আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি:

 

জামালপুরের মাদারগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক সাবেক নেতাও রয়েছেন।
 

সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
 

আটক ব্যক্তিরা হলেন—মাদারগঞ্জ উপজেলার মহিষবাথান এলাকার ফজল হকের ছেলে নজরুল ইসলাম (৩৫), মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের বন্দরৌহা শাহীন বাজার এলাকার রফিক মেম্বারের ছেলে ওমর ফারুক (৩২) এবং একই এলাকার রহিমের ছেলে চঞ্চল মিয়া (২৮)।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে মহিষবাথান এলাকায় নজরুল ইসলামের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তিনজনকে আটক করা হয়।
 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটক ওমর ফারুক মেলান্দহ উপজেলার ৪ নম্বর নাংলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি ২৭ নম্বর বন্দরৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী কাম দপ্তরি হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর বাবা আব্দুর রফিক ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের প্রচলিত ধারায় মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে বিচারিক কার্যক্রমের জন্য তাঁদের জামালপুরের আদালতে পাঠানো হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬