|
প্রিন্টের সময়কালঃ ১১ অক্টোবর ২০২৬ ০৪:৪৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ অক্টোবর ২০২৬ ০৪:১৪ অপরাহ্ণ

আটক হওয়ার পরও মমতার ঘোষণা: দেশে কী ঘটছে সবাই জানে, লড়াই চলবে


আটক হওয়ার পরও মমতার ঘোষণা: দেশে কী ঘটছে সবাই জানে, লড়াই চলবে


আন্তর্জাতিক ডেস্ক

 

দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে আটক হওয়ার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, দেশে কী ঘটছে তা সবাই জানে এবং কোনো ভয় বা চাপেই তারা পিছু হটবেন না।
 

আটকের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা পরোয়া করি না, আমরা ভয় পাই না। দেশে কী ঘটছে, তা সবাই জানে। লড়াই চলবে।”
 

তৃণমূল কংগ্রেসের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়সহ দলটির পাঁচ সংসদ সদস্যকে পুলিশ একটি প্রিজনার ভ্যানে করে নিয়ে যায়। আটক অন্য পাঁচজন হলেন—ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সামিরুল ইসলাম ও সাকেত গোখলে।
 

দলটির অভিযোগ, আটকের পর প্রায় ৩০ মিনিট ধরে পুলিশ তাদের কোনো নির্দিষ্ট গন্তব্যে না নিয়ে গাড়িতে ঘোরায়। তৃণমূল এ ঘটনাকে গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেছে।
 

এর আগে দিল্লির সাউথ অ্যাভিনিউয়ের একটি বাসস্ট্যান্ডে ধর্নায় বসেন মমতা। সেখানে তিনি দিল্লির পরিস্থিতিকে জরুরি অবস্থার সময়ের চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেন। আটক তরুণদের প্রতি সংহতি জানানো এবং ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে প্রতিবাদ জানাতেই তিনি ওই কর্মসূচিতে অংশ নেন।
 

মমতা বলেন, অনেক নেতাকে আটক করা হয়েছে এবং কাউকে যন্তর মন্তরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমন পরিস্থিতিতে তরুণ প্রজন্মের পাশে দাঁড়ানো এবং তাদের প্রতি সংহতি প্রকাশ করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
 

দিল্লিতে বিক্ষোভকারীদের আটক ও পুলিশের পদক্ষেপ নিয়ে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এ বক্তব্য সামনে এলো।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬