|
প্রিন্টের সময়কালঃ ২৯ এপ্রিল ২০২৬ ০৩:২০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ এপ্রিল ২০২৬ ১২:৩৬ অপরাহ্ণ

ঝুম বৃষ্টিতে সকাল শুরু রাজধানীবাসীর


ঝুম বৃষ্টিতে সকাল শুরু রাজধানীবাসীর


রাত থেকেই ঘন কালো মেঘে ঢেকে ছিল রাজধানীর আকাশ। ভোরের আলো পুরোপুরি ফুটতে না ফুটতেই আকাশ ভেঙে নেমে আসে ঝুম বৃষ্টি। কিছু সময়ের মধ্যে ভিজে একাকার হয়ে যায় পুরো শহর। এমন বৃষ্টি স্বস্তি দিলেও সকাল বাইরে বের হওয়া মানুষকে ভোগান্তিতেও ফেলেছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে শুরু হওয়া এমন বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন কাজে বের হওয়া মানুষজন। অফিসগামী, স্কুলগামী শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ সবাই দুর্ভোগে পড়েন। বাড্ডা, নতুনবাজার, নদ্দা, রামপুরা, পল্টন, মতিঝিল, গুলিস্তানসহ অনেক এলাকায় বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।

ভারী বৃষ্টির কারণে যারা ছাতা নিয়ে বেরোননি তারা বিভিন্ন ভবন ও দোকানে আশ্রয় নিয়েছেন। আর অনেকের কাছে ছাতা থাকলেও তা খুব একটা স্বস্তি দিতে পারেনি। ছাতা শরীরের উপরের অংশ কিছুটা রক্ষা করলেও নিচের অংশ-বিশেষ করে প্যান্ট, জুতা ভিজে একাকার হয়ে যায়।

নতুনবাজার এলাকায় বাসের ওঠা কিছু যাত্রীকে দেখা যায়, বৃষ্টির পানিতে তাদের জামা-কাপড় ভিজে গেছে। দুর্ঘটনা এড়াতে গাড়িগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায়।

পল্টনে যাওয়ার জন্য নতুনবাজারে ভিক্টর বাসে ওঠা সায়েদুল বলেন, সকাল সাতটার সময়ও মনে হচ্ছে রাত শেষ হয়নি। চারপাশ অন্ধকারে ঢেকে আছে।

রামপুরাগামী কর্মজীবী নারী তাসলিমা বলেন, ‘ছাতা এনেও ভিজে যাওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারলাম না। নিচের অংশ পুরো ভিজে গেছে। ভোগান্তি হলেও স্বস্তি পেয়েছি।’

রাজধানীসহ দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অফিস।

সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় আবহাওয়া অফিস জানায়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এছাড়া এসব অঞ্চলে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬