সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সঙ্গে ধর্মমন্ত্রীর বৈঠক
সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ-এর সঙ্গে বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ-এর গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে হজ ও উমরাহ ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদার, সেবার মান উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা সম্প্রসারণে উভয় দেশ ঐকমত্যে পৌঁছেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠকের ফলে বাংলাদেশি হাজি ও ওমরাহ যাত্রীদের জন্য সেবায় নতুন গতি আসবে।
সোমবার (৩০ মার্চ ২০২৬) সৌদি আরবের স্থানীয় সময় সকাল ১১টায় কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টার-এ এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ধর্মমন্ত্রী সৌদি আরবের হজ ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর আধুনিকায়ন ও দক্ষ ব্যবস্থাপনার প্রশংসা করেন।
তিনি বলেন, পবিত্র দুই মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান-এর নেতৃত্বে হজ ও উমরাহ ব্যবস্থাপনায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এ জন্য বাংলাদেশের পক্ষ থেকে সৌদি সরকারকে ধন্যবাদ জানান তিনি।
দু’দেশের ঐতিহাসিক সম্পর্কের প্রসঙ্গ তুলে ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক আস্থা, ভ্রাতৃত্ব ও ধর্মীয় বন্ধনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমান-এর নেতৃত্বে এই সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছাবে এবং হজ-উমরাহসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়বে।
বৈঠকের শুরুতে সৌদি মন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দল ধর্মমন্ত্রীকে স্বাগত জানায়। পরে বাংলাদেশি হাজিদের কল্যাণে একটি লিখিত প্রস্তাবনা সৌদি মন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।
বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সৌদি মন্ত্রীকে সৌজন্য উপহার দেওয়া হয়। জবাবে সৌদি মন্ত্রীও শুভেচ্ছা উপহার প্রদান করেন।
এ সময় ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তৃতীয় উমরাহ ও ভিজিট ফোরামে অংশ নিতে ধর্মমন্ত্রী বর্তমানে সৌদি আরব সফর করছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬