|
প্রিন্টের সময়কালঃ ২৯ জুলাই ২০২৬ ০২:১৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ জুলাই ২০২৬ ১২:৩৪ অপরাহ্ণ

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি


বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি


হবিগঞ্জ প্রতিনিধি
 

 

হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
 

বুধবার (২৯ জুলাই) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জিএম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।
 

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক জানান, বিএনপি ও এনসিপির ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কায় জেলা প্রশাসক এ আদেশ জারি করেছেন।
 

জেলা প্রশাসনের আদেশে বলা হয়েছে, ২৯ জুলাই হবিগঞ্জ পৌর এলাকায় এনসিপি বিক্ষোভ সমাবেশ ও পথসভার আয়োজন করেছে। একই সময় ও একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, হবিগঞ্জ পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে। উভয় পক্ষের বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগমের সম্ভাবনা থাকায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
 

প্রশাসনের মতে, এ পরিস্থিতিতে যে কোনো সময় সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি, জনশান্তি বিঘ্ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
 

আদেশ অনুযায়ী, হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মিছিল, মাইকিং, স্লোগান, পিকেটিং, বিকট শব্দ সৃষ্টি এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে—এমন সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬