মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: নারীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা ও নগদ টাকা
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে নারীসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও নগদ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের পান্তি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—পান্তি গ্রামের মৃত আব্দুল মালেকের স্ত্রী শাহিদা আক্তার (৪২) এবং মৃত শাহ জালালের ছেলে মো. রাশেদ (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই মো. মহিন উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে ৮০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, বর্তমান ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী দায়িত্ব গ্রহণের পর মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৩ এপ্রিল মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কে পৃথক এক অভিযানে আলমগীর হোসেন (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ চলছে। মুরাদনগরকে অপরাধমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।” একই সঙ্গে তিনি অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬