|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৬ ০৫:২০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ এপ্রিল ২০২৬ ০১:৩৮ পূর্বাহ্ণ

💥 একনজরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জীবন ও কর্ম।


💥 একনজরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জীবন ও কর্ম।


👉 সালাহউদ্দিন আহমেদ পেশাগত জীবনে তিনি প্রথমে আইনজীবী হিসেবে কাজ করেন এবং পরে সপ্তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার পদে দায়িত্ব পালন করেন।

 

💥 মো: আমিনুল ইসলাম:

 

 

💫 দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতার অধিকারী একজন প্রজ্ঞাবান নেতা হিসেবে পরিচিত। ১৯৬২ সালের ৩০ জুন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার (বর্তমানে পেকুয়া) এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৌলভী ছাঈদুল হক এবং মাতা বেগম আয়েশা হক। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি চতুর্থ।

 

💫 শিক্ষাজীবনে মেধার স্বাক্ষর রেখে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রাবস্থায় তিনি একজন কৃতিত্বপূর্ণ বিতার্কিক হিসেবে পরিচিত ছিলেন এবং সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। আশির দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও তাঁর সক্রিয় ভূমিকা ছিল।

 

💫 পেশাগত জীবনে তিনি প্রথমে আইনজীবী হিসেবে কাজ করেন এবং পরে সপ্তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার পদে দায়িত্ব পালন করেন। ১৯৯১ থেকে ১৯৯৬ মেয়াদে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

 

💫 রাজনৈতিক জীবনে তিনি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একটানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং তাঁর সময়কালে দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়।

 

💫 বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৩ থেকে ২০১৫ সালের গণতন্ত্র রক্ষার আন্দোলনে তিনি দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০১৫ সালের ১০ মার্চ তিনি গুমের শিকার হন এবং দীর্ঘ প্রায় সাড়ে নয় বছর দেশের বাইরে অবস্থান করতে বাধ্য হন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দেশে ফিরে আসেন।

 

💫 দেশে প্রত্যাবর্তনের পর জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়ায় তিনি সক্রিয় ভূমিকা রাখছেন। মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নিয়ে তিনি বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় অবদান রাখেন।

 

💫 এছাড়া তিনি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। বর্তমান জাতীয় সংসদে তাঁর সাংবিধানিক জ্ঞান ও গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ সংসদের কার্যক্রমকে আরও কার্যকর করে তুলছে।

 

💫 ব্যক্তিগত জীবনে সালাহউদ্দিন আহমদ বই পড়া ও বাগান করতে পছন্দ করেন। তিনি একজন দক্ষ সংগঠক ও স্পষ্টভাষী নেতা হিসেবে সুপরিচিত। তাঁর স্ত্রী হাসিনা আহমেদ একজন সাবেক সংসদ সদস্য। তিনি দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জনক। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬